ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ও পদক বিতরণে সেশনজট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ট্রাস্ট ফান্ডের বৃত্তি ও পদক বিতরণ নির্ধারিত সময়ের চেয়ে চার থেকে ১০ বছর পিছিয়ে আছে। পাশাপাশি কমেছে বৃত্তির পরিমাণ।
১৯৯৮-৯৯ সালে গবেষণা কর্মের জন্যে ইব্রাহীম স্মারক স্বর্ণপদক দেওয়া হয়েছে ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তনে। এই সমাবর্তনে দেওয়া ৮৮ টি পদকের বেশিরভাগই ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের। কিছু আবার এক দশক আগের।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্র জানিয়েছে, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ২০০৩ সালের বৃত্তির টাকা দেওয়ার প্রক্রিয়া সবে শুরু হয়েছে। অন্যদিকে, লোক প্রশাসন বিভাগে ২০০০ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম মনিরা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মান পরীক্ষার স্বর্ণপদক এবং বিভিন্ন বৃত্তি পেলেও তিনি এখনও কোনো টাকা হাতে পাননি।
২০০০ সালের সম্মান পরীক্ষার বৃত্তি দিতে দেরি হওয়ার কারণ সম্পর্কে উপ-রেজিস্ট্রার মাহবুবুল আলম বলেন, লোকবল না থাকায় এতোদিন তা দেওয়া হয়নি। এছাড়া শুধু সমাবর্তনের সময়ই স্বর্ণপদক তৈরি করা হয়।
ট্রাস্টি বোর্ডের বৈঠকে দাতাদের অনুপস্থিতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে ঠিকানা পরিবর্তনের কারণে ফান্ড স্থগিত থাকে থাকে বলেও জানিয়েছে একটি সূত্র।
মাস্টার্স পরীক্ষার ৪/৫ বছর পর যখন বৃত্তির টাকা দেওয়ার ‘সময়’ হয় তখন এর খোঁজ নেননা অনেকেই। উপ রেজিস্টার মাহবুবুল আলম জানান, বৃত্তির টাকা না তোলা হলে ফান্ডের অ্যাকাউন্টে সেটি চলে যায়। শতকরা কত ভাগ শিক্ষার্থী টাকা তোলেন তার কোনো পরিসংখ্যান তিনি দিতে পারেননি।
অন্যদিকে, দিন দিন কমছে বৃত্তির টাকার পরিমাণও। শহীদ রুমি স্মরণে তার মা জাহানারা ইমামের প্রতিষ্ঠিত স্মারক বৃত্তির ব্যাপারে বলা হয়েছে, সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মান শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে øাতকোত্তর পড়ার সময় প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক হাজার টাকার পরিবর্তে পাঁচশ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংক সুদের হার নেমে যাওয়ায় কমেছে টাকা পরিমাণও।
ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথমকে পোপ স্মৃতি স্বর্ণপদক, কলা অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে নীলকান্ত সরকার স্বর্ণপদক, স্নাতক সম্মান পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য ব্রেনান্ড পুরস্কার, সংস্কৃতে দেবেন্দ্র কুমার রায় রৌপ্য পদক, আরবি ও ইসলামী শিক্ষা বিষয়ে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বাহার-উল-ওবায়দী সোহরাওয়ার্দী স্মৃতি স্বর্ণপদক দেওয়ার জন্য ট্রাস্ট ফান্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ে। এসব পদক এখন আর দেওয়া হয় না।
এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বই পুরস্কার দেওয়ার বিধান করেছিল। গত কয়েক বছর তাও বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে ফান্ডগুলো থেকে বছরে পাওয়া অর্থ চেয়ে সোনা ও রূপার দাম অনেক বেশি হওয়ায় পদক বিতরণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃত্তি বিতরণে সেশনজটের কারণ সম্পর্কে ট্রাস্ট ফান্ড বিভাগে লোকবলের অভাবকে দায়ী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু জনবল নিয়োগের কোনো উদ্যোগ নিচ্ছে না তারা। বরং সম্প্রতি ট্রাস্ট ফান্ডের দায়িত্বরত উপ-রেজিস্ট্রার মাহবুবুল আলমকে আরও দুুটি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া প্রকল্পের প্রধান সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম এ ব্যাপারে বলেন, শুধু উপ-রেজিস্ট্রার বা সহকারি রেজিস্ট্রারের মাধ্যমে ফান্ডের বিশাল কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। এর জন্য আলাদা দপ্তর থাকলে বৃত্তি ও পদক বিতরণ সুষ্ঠুভাবে করা যেত।
