২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্য শিক্ষক

পছন্দের চার শিক্ষককে বদলি করায় ভেঙে পড়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। বদলির খবর পৌঁছানো মাত্র কান্নার রোল পড়ে যায় তাদের মাঝে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক ছাত্রী। তাদের মধ্যে ১০ জনকে ভর্তি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

হাসপাতালে ভর্তি করা সাত ছাত্রীর নাম জানা গেছে। এরা হচ্ছে, ষষ্ঠ শ্রেণীর অমি, ইসরাত জাহান মৌমি, সপ্তম শ্রেণীর সম্পা, অষ্টম শ্রেণীর মালিহা ও সান্তা এবং ১০ম শ্রেণীর শায়লা আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অজিতা রানী সমাদ্দার জানান, সকালের পালার শিক্ষক মনিরা সুলতানা, রেহেনা বেগম, হালিমা বেগম এবং দ্বীপক কুমার হালদারকে বুধবার ভোলা, পিরোজপুর ও বরিশালের তিনটি স্কুলে বদলি করা হয়।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে এ খবর ছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা কান্নায় ভেঙে পড়ে। অসুস্থ হয়ে পড়ে অর্ধশতাধিক ছাত্রী। এদের মধ্যে গুরুতরদের সকাল পৌনে ১১টার দিকে এম্বুলেন্সে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।