ঢাবি সাংবাদিকতা বিভাগে আন্দোলন অব্যাহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্র-- ছাত্রীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করেছেন। এ কোর্সের ভর্তি ফরম বিক্রি বৃহস্পতিবারও বন্ধ ছিল।
এদিকে ওই বিভাগের ১০/১৫ জন ছাত্র-- ছাত্রী বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে দেখা করেন। তারা সান্ধ্যকালীন কোর্স বন্ধ করে কিংবা প্রক্রিয়াটা চালু রেখে যে করেই হোক ক্লাস এবং পরীক্ষা বন্ধ না রাখার দাবি জানান।
আন্দোলনরত ছাত্র--ছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে কলা ভবনে মিছিল বের করে। তাদের সঙ্গে অন্যান্য বিভাগের ছাত্র-- ছাত্রীরাও একাত্মতা ঘোষণা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার থেকে বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে এবং বিভাগীয় সেমিনার, কার্যালয় এবং বিভাগীয় প্রধানের কক্ষ তালাবন্ধ করে দেয়। বৃহস্পতিবার কর্তৃপক্ষের লোকজন এস তালা খুলে দিলেও ফরম বিক্রি করা সম্ভব হয়নি। কোন ক্লাসও হয়নি।
উপাচার্য আগামী রোববার তার কার্যালয়ে আন্দোলনরত ছাত্র--ছাত্রীদের সঙ্গে আলোচনা সভায় বসবেন বলে জানা গেছে।
