জাবিতে র্যাগিংয়ের জের ধরে সংঘর্ষে ৬ ছাত্র আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রকে র্যাগিংয় (উত্ত্যক্ত) করার জের ধরে শনিবার আল-বেরুনী এবং বঙ্গবন্ধু হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ছয় জন আহত হয়েছে।
ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শনিবার দুপুরের দিকে প্রথমবর্ষে ভর্তিচ্ছু এক ছাত্রকে ক্যাম্পাসের মুন্নী চত্বরে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের ৩৫তম ব্যাচের কয়েক শিক্ষার্থী র্যাগিং করে। এ সময় ওই ভর্তিচ্ছু ছাত্রের বড় বোন নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী মুন্নী এর প্রতিবাদ জানান এবং বঙ্গবন্ধু হল থেকে ফোন করে কয়েকজন সহপাঠীকে ডেকে আনেন।
সহপাঠী মামুন, ফয়সাল, রাজীব ঘটনাস্থলে এসে আল-বেরুনী হলের মাকিদ, সজীব, ধ্রুব, সৌরভ এবং সালাম বরকত হলের ইমতিয়াজের ওপর হামলা চালায়।
এ খবর পেয়ে আল-বেরুনী হলের ইমন, স্বজন, জনির নেতৃত্বে ১৫/২০ ছাত্র বঙ্গবন্ধু হলের ছাত্রদের ওপর পাল্টা হামলা চালালে ফয়সাল নামে আরও এক ছাত্র আহত হয়।
আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনার পর উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা প্রশাসনিক ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা করেন। তবে সভার বিস্তারিত জানা যায়নি।
প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান বলেন, “দুই হলের কোনও ছাত্র এখনও অভিযোগ করেনি।”
তবে অশোভন আচরণকারী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
