ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের সময় জরুরি আইন ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা আরো একটি মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার শুরু হয়েছে।
এদিন ঢাকার মহানগর ও চার নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে মামলাটির বাদি শাহবাগ থানার উপপরিদর্শক রেজাউল করিম খানের সাক্ষ্য গ্রহণ ও আংশিক জেরা হয়। পরে আদালত আগামী ২৪ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে।
বেলা ১১টার দিকে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক এবং ছাত্র মনিরুজ্জামান সর্দার রুবেলকে আদালতে হাজির করা হয়। মামলায় অভিযুক্ত বাকি ১৪ শিক্ষার্থী পলাতক রয়েছেন।
মামলার বাদি শাহবাগ থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জবানবন্দিতে বলেন, "সেদিন অভিযুক্ত শিক্ষকরা সাধারণ ছাত্র-জনতাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে প্ররোচিত করেন। এরপর মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে অনেক পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া অভিযুক্তরা সরকারের বিভিন্ন ব্যক্তির কুশপুত্তলিকাও দাহ করে।"
রেজাউল করিম আরো বলেন, "অভিযুক্তরা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, উপাচার্যের বাড়ি ও এফ রহমান হলের সামনের রাস্তায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারবিরোধী মিছিল ও রাস্তার গাড়ি ভাঙচুর করে। তারা সেখানে গাড়ির টায়ার জড়ো করে আগুন জ্বালিয়ে দেয়। এতে জনমনে ভীতির সঞ্চার হয়।"
বাদির জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান তাকে আংশিক জেরা করেন।
বুধবার বাদি রেজাউল করিম খান ছাড়াও মামলার অপর সাক্ষী মো. রফিকুল ইসলাম, নীলক্ষেত পুলিশ ফাঁড়ির বাবুর্চি মো. শাহাবুদ্দিনসহ আরো একজনের সাক্ষ্য নেওয়ার জন্য হাজির করা হয়। তবে শুধু বাদির আংশিক সাক্ষী গ্রহণ করেন আদালত।
ছাত্র বিক্ষোভের সময় গত ২৩ আগস্ট শাহবাগ থানায় জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ এর কয়েকটি ধারায় কারো নাম উল্লেখ না করে কতিপয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বহিরাগতসহ চার-পাঁচ হাজার জনতার বিরুদ্ধে মামলাটি করা হয়। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অধ্যাপক সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক পরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ১১ সেপ্টেম্বর ১৯ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করা হয়।
এ চার শিক্ষকসহ একই আসামিদের বিরুদ্ধে একই অভিযোগে দায়ের করা অপর একটি মামলার সাক্ষ্যগ্রহণ গত ১৭ ডিসেম্বর শুরু হয়েছে। ওই মামলায়ও আগামী ২৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৬২০ ঘ.
bdnews24