'উইন্ডো অন কোরিয়া' অনুদান পেল আইইউবি
দক্ষিণ কোরিয়া সরকারের 'উইন্ডো অন কোরিয়া' অনুদান পেয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আইইউবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানিয়েছে, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এই অনুদান পেয়েছে তারা।
দক্ষিণ কোরিয়ার মানুষ, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানাতে ‘দ্য ন্যাশনাল লাইব্রেরি অব কোরিয়া’ প্রতি বছর বিশ্বের দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই অনুদান দেয়।
এ অনুদানের অর্থে মার্চের মধ্যে আইইউবির কেন্দ্রীয় পাঠাগারে 'কোরিয়া কর্নার' স্থাপন করা হবে এবং পাঁচ বছর এই কর্নারের খরচ বহন করা হবে।
সেখানে দক্ষিণ কোরিয়া বিষয়ক বই, গবেষণাপত্রসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা উপকরণ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশেষ এই সহযোগিতার জন্য বাংলাদেশে দক্ষিণ কোরিয়া দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আইইউবির উপাচার্য তানভীর হাসান।
আইইউবি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি প্রায় এক দশক ধরে দক্ষিণ কোরিয়া বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণা করে আসছে।
২০১৪ সালে আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে চালু করা হয় কোরিয়ান চলচ্চিত্র এবং সংস্কৃতি বিষয়ক বিশেষায়িত কোর্স। ওই কোর্সের শিক্ষার্থীরা ২০১৫ সালে গড়ে তোলে আইইউবি কে-ক্লাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত বছরে আইইউবিতে দক্ষিণ কোরিয়া বিষয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার অনেকগুলোতেই পৃষ্ঠপোষকতা করেছে ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস।
