বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র অব্যাহত: তোফায়েল
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল বিএনপি-জামায়াত, সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের টিএসসিতে মিলনায়তনে আয়োজিত ‘বজ্রকণ্ঠ: মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, “পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর সবগুলোই লিখিত। কেবলমাত্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই অলিখিত। সেদিন তিনি তার ভাষণে স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন আবার বিচ্ছিন্নতাবাদী নেতা না হওয়ার শর্তও রক্ষা করেছেন। বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্নতাবাদী নেতা হতে চাননি।
“এজন্য ৭ মার্চের ভাষণে তিনি অতি সতর্কতার সাথে শব্দচয়ন করেছেন। এটি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত সমৃদ্ধশালী ভাষণের তালিকায় অত্যন্ত গৌরবের সাথে সামনের দিকে স্থান পাবে।”
তিনি বলেন, “বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। তাদের এই প্রচেষ্টা, ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তাই তো দেরিতে হলেও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি পেয়েছে।”
সভাপতির বক্তব্যে বিশ্ববদ্যিালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটি বিশ্ব সম্পদে পরিণত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ঐতিহ্য মর্যাদা সমৃদ্ধ হয়েছে।
“একটি জাতিকে সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়ে অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। স্বাধীনতা ঘোষণার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া জরুরি হয়ে পড়েছে।”
অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ।
