২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিকতা বিভাগের পাঠাগার থেকে সরলো স্বাধীনতাবিরোধীর নাম

স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত ব্যক্তির নামে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঠাগারের নতুন নামকরণ করা হয়েছে; এখন থেকে ‘প্রায় হারিয়ে যেতে বসা’ শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের নামে পরিচিত হবে পাঠাগারটি।

রিফাত রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 12:17 AM

Updated : 11 Oct 2022, 09:20 PM

মুক্তিযুদ্ধে তার অবদানকে স্বীকৃতি দিতে পাঠাগারের নাম ‘শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক স্মৃতি পাঠাগার’ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি সামরিকজান্তার চালানো বুদ্ধিজীবী নিধন অভিযানে নিহত নাজমুল হক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধকালীন সময়ের খ্যাতনামা সাংবাদিক।

সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহে পাঠাগারের ফটকে সৈয়দ নাজমুল হকের নামে পরিবর্তিত নামফলক বসানো হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নাজমুল হক মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন; পাকিস্তান বিরোধী সংবাদ প্রকাশ করার জন্যে তাকে হত্যা করা হয় বিধায় তার নামে বিভাগের পাঠাগারের নামকরণ করা হয়েছে।

“সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক ২৯ সেপ্টেম্বর আমরা পাঠাগারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেই; ১০ নভেম্বর বিভাগে বিজ্ঞপ্তি প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়ে দেই।”

মফিজুর রহমান বলেন, নাজমুল হক ছিলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, একজন খ্যাতিমান সাংবাদিক এবং মুক্তিযুদ্ধের সময় আমরা ওনাকে হারিয়েছি- এই তিন বিষয় বিবেচনায় এনে তার নামে পাঠাগারের নামকরণ করা হয়েছে।

এর আগে পাঠাগারটির নাম মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিপক্ষে ‘বিতর্কিত অবস্থান’ নেওয়া বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আতিকুজ্জমান খানের নামে ছিল, যা পরিবর্তন করা নিয়ে বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।

বিভাগের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী আতিকুজ্জামান খানের নাম অপসারণ এবং নতুন নামকরণের দাবিতে ছাত্রছাত্রীদের ‘স্বাক্ষর সংগ্রহ’ করে উপাচার্য এবং বিভাগের চেয়ারপার্সনের কাছে স্মারকলিপিও জমা দেয়।

সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী সাখাওয়াত আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই প্রগতিশীলতা চর্চার ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

“স্বাধীনতা পরবর্তী সময়ে যেখানে আমাদের বিভাগটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে সেখানে একজন স্বাধীনতা বিরোধীর নাম সেই চেতনা পরিপন্থি।”

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটেই পাঠাগারের নাম থেকে ‘স্বাধীনতাবিরোধী’ আতিকুজ্জামান খানের নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যে পরবর্তীতে আতিকুজ্জমান খানকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল।

Image
সৈয়দ নাজমুল হক (ফাইল ছবি)

সৈয়দ নাজমুল হক (ফাইল ছবি)

স্বাধীনতাকালীন অধ্যাপক আতিকুজ্জমান খানের পাকিস্তানপন্থি ভূমিকা নিয়ে সাংবাদিকতা বিভাগের কয়েকজন প্রবীণ শিক্ষকের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।

অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, “আমরা যখন ছাত্র তখন উনার (আতিকুজ্জামান খান) চাকরি চলে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় উনি পাকিস্তানি সরকারের সমর্থন করেন এবং পাকিস্তানি ক্রিকেট টিমের সাথে উনি দেশের বাইরে গিয়েছিলেন বলে শুনেছি।”

সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান বলেন, “উনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। ওনার নামে পাঠাগার করা হয়েছিল, কারণ উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে সেই নাম পরিবর্তন করা নিয়ে ওইভাবে কেউ খেয়াল করে দেখেনি।”

আতিকুজ্জামান খানের নামে কী করে এতদিন গণযোগা্যোগ ও সাংবাদিকতা বিভাগের পাঠাগারের নাম ছিল এমন প্রশ্নের জবাবে বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন, বিষয়টি নিয়ে তারা সেভাবে ভাবেননি।”

বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে স্বাধীনতার সময় বিতর্কিত ভূমিকা রাখা আতিকুজ্জামানের নাম পরিবর্তনে কাজ শুরু করেন জানান তিনি।

যার নামে পাঠারগারটির নতুন নামকরণ সেই শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক ছিলেন তৎকালীন পাকিস্তান প্রেস ইন্টারন‌্যাশনালের (পিপিআই)-এর প্রধান প্রতিবেদক এবং কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিস অব আমেরিকা‘র (সিবিএস) বাংলাদেশ প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক ১৯৭০ সালে সাংবাদিকতা বিভাগে মাস্টার্সে ভর্তি হওয়ার আগে একই বিভাগে সাংবাদিকতায় ডিপ্লোমা সম্পন্ন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (১৯৬৩) এবং স্নাতকোত্তর (১৯৬৪) সম্পন্ন করেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর করা লন্ডন সফরের সাংবাদিক সফর সঙ্গী ছিলেন সৈয়দ নাজমুল হক।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার খবরা-খবর তুলে ধরা প্রতিবেদকদের মধ্যে অন্যতম ছিলেন সাংবাদিক নাজমুল হক। ইতিহাস খ্যাত এ মামলার বিচারকার্য চলাকালে তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

১৯৪১ সালে খুলনায় জন্ম নেওয়া শহীদ সাংবাদিক নাজমুল হক ছয় ভাইয়ের মধ্যে ছিলেন চতুর্থ।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হকের ভাই তিনি।

একাত্তরে নাজমুল হককে পাকিস্তানিরা দুই বার ধরে নিয়েছিল জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দ্বিতীয় বার ধরে নেওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

“১৯৭১ সালের এপ্রিলে তাকে প্রথমে পাকিস্তানে ধরে নিয়ে যাওয়া হয়; পড়ে ছেড়েও দেওয়া হয়। পরে খুব সম্ভবত ১১ ডিসেম্বর তাকে তার পুরানা পল্টনের ভাড়া বাসা থেকে আবার ধরে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা আর তার কোনো খোঁজ পাইনি।”

ওইদিন মধ্যরাতে গায়ে মাটি লাগানো একটি বিআরটিসি বাসে কয়েকজন লোক আসে জানিয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার বলেন, “লোকগুলো এসে দরজায় টোকা দেয়। তিনি পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে শেষ মুহূর্ত পর্যন্ত জীবন বাঁচানোর চেষ্টা করেন।”

“যারা তাকে ধরতে এসেছিল সবাই বিহারী ছিল, কারণ তারা উর্দুতে কথা বলছিল। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে তার চোখ বেঁধে গাড়িতে নিয়ে তোলা হয়।”