২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রত্নতত্ত্ববিদ আ ক ম যাকারিয়াকে স্মরণ

প্রত্নতত্ত্ববিদ প্রয়াত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও প্রদর্শনী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

Image
আ ক ম জাকারিয়া (ফাইল ছবি)

আ ক ম জাকারিয়া (ফাইল ছবি)

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এ আলোচনা সভা শুরু হয়।

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির আয়োজনে স্মরণসভার পাশাপাশি সেখানে দিনব্যাপী আ ক ম যাকারিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র এবং তার রচিত ৩০টি গ্রন্থ প্রদর্শন করা হয়।

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “প্রয়াত প্রত্নতত্ত্ববিদ আ ক ম যাকারিয়া পরিণত বয়সেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু কিছু গুণী মানুষ থাকেন, বুদ্ধিবৃত্তি চর্চার ক্ষেত্রে যাদের আবেদন কখনো শেষ হয় না।

“পরিণত বয়সেও তিনি তারুণ্যদীপ্ত হয়ে কাজ করে গেছেন। তিনি শুধু একজন দক্ষ প্রশাসক বা প্রত্নতত্ত্ববিদই ছিলেন না, তিনি ছিলেন নৃতত্ত্ববিদ, ইতিহাসবিদ, অনুবাদক, পুঁথিসাহিত্য বিশারদ, ক্রীড়া সংগঠক এবং পূর্ণাঙ্গ ভালো মানুষ।”

প্রত্নতত্ত্ববিদ যাকারিয়াকে ‘বিরল প্রতিভার অধিকারী’ অভিহিত করে এই ব্যক্তিত্বের জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সত্যিকারের সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অধ্যাপক আরেফিন সিদ্দিক।

বাংলায় প্রত্নতত্ত্বের দিকপাল ও পুঁথিসাহিত্য বিশারদ আ ক ম যাকারিয়া ২৪ ফেব্রুয়ারি মারা যান।

স্মরণসভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক নাজমা খান মসলিশ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মিসেস শামীম বানু, মওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মওলানা নুরুদ্দিন ফতেহপুরী, অনুবাদক ফাদার সিলভানো গারেল্লো, আলোকচিত্রী পাভেল রহমান, গবেষক জাকারিয়া মণ্ডল, প্রয়াত আ ক ম যাকারিয়ার মেয়ে মাসুমা খাতুন ও ছেলে মারুফ শমসের যাকারিয়া উপস্থিত ছিলেন।