২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়তি ফি’র প্রতিবাদে রাস্তায় তিতুমীরের শিক্ষার্থীরা

বিভিন্ন বিভাগের সেমিনার এবং চতুর্থ বর্ষের পরীক্ষার ফি বেশি আদায়ের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 12:22 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা প্রথমে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে দাঁড়ায়।

পরে খণ্ড খণ্ড মিছিলে প্রায় আধাঘণ্টা কলেজের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে।শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসেও বিক্ষোভ দেখায়।

তারা কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসেরের অপসারণ চেয়ে স্লোগান দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, চতুর্থ বর্ষের পরীক্ষার ফি এবং বিভিন্ন বিভাগের সেমিনার ফির নামে কর্তৃপক্ষ ১১০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছে।

হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রণব দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফির বাইরে কলেজগুলো সবসময়ই ফি বেশি নেয়। কিন্তু তিতুমীর কলেজের অধ্যক্ষ খাতওয়ারি বিবরণ প্রকাশ ছাড়াই অন্য কলেজের চেয়ে এক-দুই হাজার টাকা বেশি নিয়েছেন।

“এর কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, যেখানে ঢাকা কলেজ বা ইডেন কলেজ বলে দিচ্ছে তারা কোন খাতে টাকা নিচ্ছে। আমি নিজেও টাকা দিয়েছি। এখন আমি টাকা ফেরত চাই।”

একুশে ফেব্রুয়ারির ছুটির পর সোমবার থেকে শিক্ষার্থীরা আবার কর্মসূচি পালন করবে বলেও জানান প্রণব।

উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান শাওন বলেন, “পরীক্ষার আবেদনপত্রের জন্য আমাদের কাছ থেকে অন্য কলেজের চেয়ে প্রায় ১১০০ টাকা বেশি নেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছি।”

সকাল ১১টার শিক্ষার্থীরা ক্যম্পাসে ফিরে গেলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।