জাবিতে ভর্তি: বর্ধিত ফি বাতিল দাবি ছাত্র ইউনিয়নের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিভিন্ন বিভাগের উন্নয়ন ফি বৃদ্ধির নিন্দা জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
রোববার সংগঠনের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “প্রতি বছর বিভিন্ন বিভাগে উন্নয়ন ফি বৃদ্ধি করা হয়। অথচ বিভাগ উন্নয়নের নামে যে টাকা নেওয়া হয় তা কোথায় খরচ হয় তার কোনো স্বচ্ছ হিসাব নেই। উপরন্তু বিভাগের কোনো উন্নয়নও চোখে পড়ে না। প্রতি বছর ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।”
এতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে অযৌক্তিকভাবে এ টাকা আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এহেন আচরণের ফলে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে শিক্ষার্থীরা।”
বিবৃতিতে জানানো হয়, এ বছর বিভাগ উন্নয়ন ফির নামে অর্থনীতি বিভাগে দুই হাজার পাচঁশ টাকা, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণি বিজ্ঞান বিভাগে দুই হাজার টাকা করে, ভূগোল ও পরিবেশ বিভাগে এক হাজার টাকা করে এবং লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে পাঁচশ টাকা করে বাড়ানো হয়েছে।
এছাড়া বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘কুপন ফি’ এর নামে দুই হাজার টাকা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ছাত্র সংসদ ফি এর নামে এক হাজার টাকা বাড়ানো হয়েছে।
এর আগেও এ ধরনের ফি না বাড়ানোর দাবি প্রশাসন আমলে নেয়নি উল্লেখ করে বিবৃতিতে আদায়কৃত টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
