১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে আইইউবি’র বড় ২ পুরস্কার

দেশের ২৬টি ক্লাব ও প্রতিষ্ঠানের ১৯০ জন খেলোয়াড় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 02:58 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চতুর্থ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এবং নারী বিভাগে রানার-আপ হয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) দুই প্রতিযোগী।

পুরুষ ওপেনে চ্যাম্পিয়ন মো. রায়হান পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রথম সেমিস্টারে; আর নারী ওপেনে রানার-আপ মারজান আক্তার মনিকা প্রতিষ্ঠানের স্কোয়াশ দলের সহকারী কোচ ও খেলোয়াড়।

সোমবার আইইউবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই পুরস্কার পাওয়ার তথ্য জানানো হয়। 

ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, স্টেশন অফিসার্স মেস আলফা এবং আমেরিকান ক্লাবে ২৩ থেকে ২৭ এপ্রিল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন (বিএসআরএফ) এবং সহযোগিতা দিয়েছে তুরাগ অ্যাকটিভ ও উর্মি গ্রুপ।

শনিবার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান এবং যুব ও ক্রীড়া মন্ত্রী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পুরুষ বিভাগে প্রথম হওয়া রায়হান এ বছরই আইইউবি’র ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে ভর্তি হয়েছেন। ভর্তির সময় তাকে দেওয়া হয়েছিল শতভাগ ক্রীড়া বৃত্তি।

খুলনার ছেলে রায়হান ফাইনাল ম্যাচে ৩-০ ব্যবধানে হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী রাফি চৌধুরীকে। আগের রাউন্ডগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রতিযোগীদের সঙ্গে জিতেছেন তিনি।

নারী ওপেনে রানার-আপ হওয়া মনিকার জাতীয় র‌্যাংকিং দুই এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতাও আছে তার।

নারী ওপেনের ফাইনালে মনিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী চাঁদনী সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৬টি ক্লাব ও প্রতিষ্ঠানের ১৯০ জন খেলোয়াড় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। আঞ্চলিক পর্যায়ের রাউন্ডের পর চূড়ান্ত পর্যায়ে অংশ নেন ৯৯ পুরুষ এবং ৫৮ জন নারী প্রতিযোগী।

অনুষ্ঠানে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি আয়োজনের অংশ হিসাবে নয় নারী খেলোয়াড়কে শিক্ষা ও স্কোয়াশ বৃত্তি এবং ২০ খেলোয়াড়কে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।