চবির ভর্তি পরীক্ষা শুরুর ‘সম্ভাব্য তারিখ’ ২৯ জানুয়ারি
অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ‘সম্ভাব্য’ তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের পরীক্ষা হবে।
রোববার ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ জানুয়ারি হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ জানুয়ারি। এরপর ৫ ফেব্রুয়ারি হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময়ে অনুষ্ঠিত হবে।
তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে।
