১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিয়োগ বিজ্ঞপ্তি: বরিশাল বিশ্ববিদ্যালয় ও কুয়েটের ভিসি হতে কী যোগ্যতা লাগবে

অধ্যাপক পদে কর্মরত যোগ্য প্রার্থীদের আগামী ২৬ জুনের মধ্যে আবেদন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়-ববিতে উপাচার্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ পদে নিয়োগ পেতে অধ্যাপক পদে কর্মরত যোগ্য প্রার্থীদের আগামী ২৬ জুনের মধ্যে আবেদন করতে হবে। 

শিক্ষা উপদেষ্টা এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে গঠিত সার্চ কমিটির সভাপতি চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরে ওই বিজ্ঞপ্তি গত ৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দুই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। এ পদে আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটের নোটিস বোর্ডে।

যোগ্যতা

কুয়েটের ভিসি পদে নিয়োগ পেতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পিএইচডি এবং ববির ভিসি পদে নিয়োগ পেতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে প্রার্থীকে। 

দুই পদে নিয়োগের জন্যই প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে হবে, ন্যূনতম ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা ৫ বছরের গবেষণাসহ ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে। 

প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিচালনা বা ব্যবস্থাপনা, বিশেষত শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্র কল্যাণ ও অ্যাকাডেমিক কাজে নেতৃত্ব দানের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। 

প্রার্থীর আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে (কিউ-১ থেকে কিউ-৪ শ্রেণিভুক্ত) উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা বা গবেষণাগ্রন্থ বা পাঠ্যপুস্তক থাকতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৪৫ বছর। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যের স্বীকৃতি অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। 

আবেদন 

যোগ্য প্রার্থীদের আগামী ২৬ জুন বিকাল ৫টার মধ্যে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সব কাগজ পত্রসহ আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

গত ১৯ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে সার্চ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সভাপতি করা হয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারকে। 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম। 

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার গত ৪ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশের সরকারি বিশ্ববিদয়ালয়ের জন্য যোগ্য উপাচার্যদের খুঁজে নেওয়া হবে।

“আমি দায়িত্ব নেওয়ার পর দুটি বিশ্ববিদ্যালয় উচ্চ পদে নিয়োগের প্রয়োজনে আমরা একটি উপাচার্য নির্বাচনি প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান এবং ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রদান করা হবে। আমরা মন্ত্রণালয়, ইউজিসি, এবং বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করেছি। 

আমি আশাবাদী, আপনাদের সকলের সহযোগিতায় যদি যোগ্যতা এবং কম্পিটিশনের ভিত্তিতে ভিসি নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি তবে আমার যে স্বপ্ন, দেশে বসেই আগামী জেনারেশন বিশ্বকে নেতৃত্ব দেবে সে পথে এগোতে পারব।”

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৩ মে বরিশাল বিশ্ববিদ্যালয়-ববির উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার মো. মামুন অর রশিদকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়।

একইসঙ্গে নতুন ভিসি নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। 

পরে গত ১ মে উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য কুয়েটের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে। তবে গত ২২ মে তিনিও পদত্যাগ করেন।

৫ অগাস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ববির উপাচার্য পদে অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য পদে অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার পদে মো. মামুন অর রশিদ এবং কুয়েটের উপাচার্য পদে অধ্যাপক মুহাম্মদ মাছুদ, উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলম নিয়োগ পেয়েছিলেন।