১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে ছুটির মধ্যেই চূড়ান্ত পর্বের পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো

হলে অবস্থান করতে ও পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 08:51 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষ/অষ্টম সেমিস্টার ও স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের থেমে থাকা বিষয়ের পরীক্ষাগুলো শীতকালীন ছুটির মধ্যেই নিতে পারবে বিভাগগুলো।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট অনুষদের ডিনের মতামতের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং সকল পরীক্ষার্থীর সম্মতিক্রমে বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে শুরু হওয়া অনার্স চতুর্থ বর্ষ/অষ্টম সেমিস্টার এবং মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষাসমূহ চলমান রাখতে পারবে।”

সাধারণ শিক্ষার্থী ও ডাকসুর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তবে হলে অবস্থান করতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। বর্তমানে বিভিন্ন হলের সংস্কারমূলক কার্যক্রম চলছে। তাই সংস্কার কার্যক্রম অগ্রাধিকার পাবে।

“সকল শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং হলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে ডাকসু ও হল ছাত্র সংসদ প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।”

গত ২১ নভেম্বর দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। পরদিন আরো তিন দফা ভূমিকম্পে আতঙ্ক আরো বাড়ে।

এ অবস্থায় আতঙ্কে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২৩ নভেম্বর সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। ফলে এ ছুটির আগে শুরু হওয়া চূড়ান্ত পর্বের পরীক্ষা থেমে যায়।

ওই ছুটি অনুযায়ী ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ক্যালেন্ডারে ৭ থেকে ২২ ডিসেম্বর শীতকালীন ছুটির সূচি ছিল। সেই ছুটি বহাল রেখে এখন তার সঙ্গে আরো দুদিন ছুটি মিলিয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এরপর ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র-শনিবারের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হবে ২৮ ডিসেম্বর। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। মোট পাঁচ সপ্তাহ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।