১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাম্য হত্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শোক ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেন উপাচার্য।

সাম্য হত্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শোক ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ ঘোষণা দেন।

এর আগে বেলা দেড়টায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া ও ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

“রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে রমনা পার্কের মতো একটি স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে।”

এ ক্ষেত্রে ডিএমপি সহযোগিতা করবে তুলে ধরে অধ্যাপক নিয়াজ  বলেন, “ডিএমপি থেকে একটি পুলিশবক্স স্থাপন করা হবে যেটি শুধু উদ্যানে নিরাপত্তার কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজে অংশীজন বা সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সেখানে নিয়োজিত করবে।”

শাহরিয়ার আলম সাম্য

শাহরিয়ার আলম সাম্য

এছাড়া নিয়মিত সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের জন্য একটা টিমও গঠন করা হবে বলেছেন উপাচার্য। 

তিনি বলেন, “আমাদের নিরাপত্তা নিয়ে সবসময়ই কনসার্ন ছিল। আমরা এর আগেও রেইড দিয়েছি। তবে সেটা দীর্ঘমেয়াদী করা যায়নি। তাই, রেইড দিয়েও নিরাপত্তা নিশ্চিত হয়নি।

“তাই আমরা একটা রেইড টিম করবো যেখানে ডিএমপি ও আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সবখানে লাইটের ব্যবস্থা করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানিয়েছি।”

সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন সাম্য (২৫)।

রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি

সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন কারাগারে, রিমান্ড আবেদন পরে