Published : 29 Jan 2025, 09:55 PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন পাঁচ শিক্ষার্থী।
বুধবার বিকাল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ লেখা ব্যানার টাঙিয়ে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তারা।
কলেজটিকে ‘বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তরসহ সাত দফা দাবি তাদের।
অনশনরত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত আমরা অবরোধ কর্মসূচিতে যাচ্ছি না। তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।”
অনশনরত শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ‘বিশ্ববিদ্যালয়’ প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।
এছাড়া ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম আইন এবং সাংবাদিকতা বিষয় সংযোজন, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগতমান শতভাগ বাড়াতে আসন সংখ্যা সীমিত এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করার দাবিও রয়েছে অনশনে থাকা শিক্ষার্থীদের।
অনশনে থাকা কলেজের গণিত বিভাগের আরেক শিক্ষার্থী এফ রায়হান বলেন, “তিতুমীর কলেজের ৩৫ হাজার শিক্ষার্থীর অধিকার নিশ্চিত এবং ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই অনশন।
কর্মসূচিতে থাকা অন্য শিক্ষার্থীরা হলেন-বেল্লাল হাসান, রাশেদুল ইসলাম রাশেদ ও রানা আহমেদ।
এর আগে গত সোমবার মধ্যরাতে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তা না হলে বৃহস্পতিবার সকাল থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন তারা।
তবে বুধবার বিকালে অনশনরত শিক্ষার্থীরা বললেন, তারা অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছেন।
এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন, অবস্থানসহ নানা কর্মসূচির পর গত ৭ জানুয়ারি শিক্ষালয়টির প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ১৮ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি দেন শিক্ষার্থীরা।
এরপর ৩ ডিসেম্বর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
তবে ওই কমিটির বিরুদ্ধে ‘যথাযথভাবে’ কাজ না করার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ৪৮ ঘণ্টা
কলেজকে 'বিশ্ববিদ্যালয়' বানালেন তিতুমীরের শিক্ষার্থীরা
তিতুমীর কলেজের ফটকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানাল শিক্ষার্থীরা