২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জগন্নাথে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৮০ দশমিক ৫৮ শতাংশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

চারুকলা অনুষদভুক্ত ‘ই-ইউনিট’ এর পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির পরীক্ষা শুরু হল।

শনিবার বিকাল ৩টা থেকে দেড় ঘণ্টা পরীক্ষা হয়েছে।

এ অনুষদের তিনটি বিভাগে মোট ৬০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ২৫১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮ জন শিক্ষার্থী; উপস্থিতির হার ৮০ দশমিক ৫৮ শতাংশ।

মোট ৪৫ নম্বরের ব্যবহারিক এবং ২৭ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে জবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সন্তোষজনক উপস্থিতির হার ছিল। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়টিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তিতে গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলে।

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে মোট ৭২ হাজার ৪৬৩টি, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষায় আবেদন জমা পড়েছে মোট ৭৯ হাজার ৭৯৬টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ২০ হাজার ৬৮৪টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ২৫ হাজার ৮২টি।

আগামী ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর আগামী ৯ জানুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।