২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহরণ-চাঁদাবাজি’: বাদীর অনাপত্তিতে ঢাবি ছাত্রদল নেতা শাওনের জামিন

ঢাকার একটি আদালত বাদীর জিম্মায় ৫০০ টাকা মুচলেকায় তাকে জামিন দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

‘অপহরণ-চাঁদাবাজি’ মামলায় বাদীর অনাপত্তিতে জামিন পেয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন।

ঢাকার একটি আদালত বাদীর জিম্মায় ৫০০ টাকা মুচলেকায় তাকে জামিন দেয়। তবে মামলার অপর দুই আসামি মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিসকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এসব তথ্য দিয়েছেন।

‘অপহরণ ও মারধর’ করে চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর পান্থপথের ‘ট্রিপজায়ান’ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী শেখ নাঈম আহমেদ শুক্রবার গুলশান থানায় এ মামলা করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, শেখ নাঈম আহমেদ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্যবসায়িক সভায় অংশ নিতে গুলশান-১ এ যান। সভা শেষে সেখানেই একটি রেস্তোরাঁয় খেতে যান। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ছাত্রদল নেতা শাওন তাকে ফোন করে দুবাইয়ের টিকেট কেনার কথা বলে অবস্থান জানতে চান। ১০ মিনিট পর শাওন ৮/১০ জনকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে নাঈমকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়, এসময় ট্রাভেল এজেন্সির কর্ণধারের ফোন, ল্যাপটপ, মানিব্যাগও নিয়ে নেয় অপহরণকারীরা। পরে সাড়ে ৩৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সন্ধ্যা ৭টার দিকে তাকে গুলশান-১ এর লেকপাড়ে নিয়ে গালিগালাজ ও মারধর করে। রাত ১০টার মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। আসামিদের মারধর সহ্য করতে না পেরে নাঈম পরিবারকে ফোন দেয় টাকা দিতে।

ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, অনেক সময় কেটে গেলেও নাঈমের পরিবারের সদস্যরা টাকা দিতে ব্যর্থ হলে রাত পৌনে ১২টার দিকে তারা তাকে মোটরসাইকেলে করে রওনা হয়। যাত্রাপথে গুলশান-১ পুলিশ প্লাজার পাশ দিয়ে হাতিরঝিল সংযোগ সড়কের নিয়ে যাওয়ার সময় নাঈমের চিৎকারে যৌথ বাহিনীর চেকপোস্টে তাকে এবং আসামি ইদ্রিসকে ফেলে রেখে শাওনসহ অন্যরা পালিয়ে যায়।

মামলা দায়েরের পর শুক্রবার ইদ্রিসকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড দেয়। 

এদিকে শুক্রবার ছাত্রদল নেতা শাওন এবং মামলার আরেক আসামি হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। 

এই দুইজনসহ ইদ্রিসকে শনিবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনুর রশীদ।

শাওনের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন পলাশ জামিন চেয়ে আবেদন করে বলেন, মামলার বাদী আদালতে হাজির আছেন। বাদী আসামির পক্ষে হলফনামা দিতে চান। আসামি শাওন জামিন পেলে তার কোনো আপত্তি নেই।

আদালতে হলফনামা দাখিল করেন মামলার বাদী নাঈম। অপর দুই আসামির তরফেও জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আদালত শাওনকে জামিন দেন। অপর দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।