Published : 02 Sep 2025, 09:37 PM
শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় স্থানীয় যুবলীগ কর্মীকে প্রধান আসামি করে মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালে হাটহাজারি থানায় মামলাটি করা হয়েছে বলে জানান ওসি আবু মাহমুদ কাওসার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ থেকে এক হাজার জনকে আসামি করা হয়েছে।”
আসামিদের তালিকায় কোনো রাজনীতিক আছেন কিনা, তা জানাননি ওসি। আসামিদের নাম বলতেও অপারগতা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়।
তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ কয়েকশ ব্যক্তি আহত হন। সংঘাতের মধ্যে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।
আহতদে মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন এবং এক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।
মামলায় বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম। প্রধান আসামি করা হয়েছে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে। যদিও অভিযোগে তার রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।
তবে মামলায় এজাহার নামীয় আসামিদের বেশির ভাগই আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
এজাহারে বলা হয়, শনিবার রাতে ১ থেকে ১০ নম্বর আসামিরা ‘পরিকল্পিত ও পরষ্পর যোগসাজসে’ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা বাহিনী ও পুলিশের ব্যবহৃত গাড়ি এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তার মোটরসাইকেল ভাংচুর করে ও শিক্ষার্থীদের আহত করে।
মামলায় বলা হয়, আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালায়। পরে যৌথবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরের দিন তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জোবরা গ্রামে বসবাসরত শিক্ষার্থীদের এলোপাথারি মারধর করে।
গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ: মামলা ও তদন্ত কমিটিসহ একগুচ্ছ সিদ্ধান্ত চবি প্রশাসনের
এলাকাবাসী-শিক্ষার্থী সংঘর্ষ: চবিতে সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধ