২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে চবিতে তিন দিনের শোক

বুধবার বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। 

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) খন্দকার মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শোক পালিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেদিন শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

মঙ্গলবারও সারাদিন কোনো ক্লাস হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।