Published : 24 Jul 2026, 01:31 PM
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে হয়ে গেল বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি।
সপ্তাহব্যাপী এ কর্মসূচি বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) থেকে শুরু হয়ে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) গিয়ে শেষ হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে শারীরিক ও মানসিক ফিটনেস, আইকিউএসি (গুণগত মান নিশ্চিতকরণ সেল) সংক্রান্ত প্রশিক্ষণ, আউটকাম বেজড এডুকেশন (ওবিই), আধুনিক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, পরীক্ষা পরিচালনার নিয়মনীতি, আয়কর সচেতনতা, কর্মক্ষেত্রে নৈতিকতা, গবেষণা ও প্রকাশনা, সরকারি চাকরির বিধিমালা এবং জেন্ডার সচেতনতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরডিএতে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাছানাত আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী, ইউজিসির হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান, আরডিএ মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান।
এম শরীফুল করীম বলেন, “আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে ‘স্টুডেন্ট ফার্স্ট’ দর্শনকে সামনে রেখে যুগের চাহিদা অনুযায়ী দক্ষ ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করা হবে।
“এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান।