Published : 07 Sep 2025, 07:53 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসন ‘পক্ষপাতদুষ্টু’ আচরণ করছে এবং একটা পক্ষকে জেতাতে কৌশল করছে বলে অভিযোগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)।
শিক্ষার্থীদের মতামত ও পর্যবেক্ষণের প্রেক্ষিতে তাদের মনে হয়েছে নির্বাচনে 'আচরণবিধি লঙ্ঘন' হলেও প্রশাসন 'নির্বিকার', কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের।
রোববার সন্ধ্যার আগে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে কাদের বলেন, “শিক্ষার্থীদের নাজিরা বাজারে নিয়ে খাওয়ানো হচ্ছে। এগুলো প্রশাসনের চোখে পড়ছে না।
“বিভিন্ন জেলা, ইউনিয়ন থেকে বিএনপি নেতা এবং জামায়াতের স্থানীয় নেতারা আমাদের শিক্ষার্থীদের পরিবারকে চাপ দিচ্ছেন।”
বাকের বলেন, "শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর কীভাবে তাদের হাতে যাচ্ছে। আমরা জানতে পারছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে।”
একটি কোচিং সেন্টার থেকেও শিক্ষার্থীদের কাছে ফোন করে ভোট চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বাগছাস নেতারা।
ভিপি প্রার্থী কাদেরের জন্য ভোট চেয়ে ফেইসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ বিষয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে জিএস প্রার্থী বাকের বলেন, “নাহিদ ইসলাম এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি গণতান্ত্রিক অধিকার থেকেই স্ট্যাটাস দিয়েছেন। তিনি একজন ভোটার হিসেবে এই পোস্ট করতেই পারেন। তিনিতো কোনো ভোটারকে ফোন করে ভোট চাইছেন না।”
জিএস প্রার্থী বাকেরকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার।
এ বিষয়ে বাকেরের দাবি, “মাহিন সরকারকে জোর করতে পারবে না কেউ। তিনি জুলাই আন্দোলনের নেতা। মাহিন সরকার তার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন।”
কাদের বলেন, “আমাদের শিক্ষার্থীদের কথা বলার জায়গা নাই। এই ডাকসু সেই জায়গা তৈরি করে দেবে, এটাই প্রত্যাশা। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় কিছু আচরণবিধি দিয়েছে। আমরা তা মানার চেষ্টা করেছি। কিন্তু অন্য প্রার্থীরা তা মানছেন না।”
শিক্ষার্থীদের কাছ থেকে 'অভাবনীয় সাড়া' সাড়া পাচ্ছেন বলেও দাবি তার।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। তাদেরকে নাজিরা বাজারে খাইয়ে বা ইউনিয়ন নেতাদের দিয়ে ফোন করিয়ে ভোট পাবেন না। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা যারা করছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর সাথে বেঈমানি করছেন।"
ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে আবু বাকের বলেন, “ভোটকেন্দ্র যেভাবে সাজানো হয়েছে, তাতে শিক্ষার্থীরা সন্তুষ্ট নন। অনেক শিক্ষার্থীই বলেছেন, নির্দিষ্ট কাউকে জেতানোর জন্যই এগুলো করা হচ্ছে।"
ডাকসু: প্রশাসনের বিরুদ্ধে 'একটা দলকে' সুবিধা দেওয়ার অভিযোগ সাদিকের