Published : 29 May 2025, 08:28 PM
বামপন্থিদের মিছিল থেকে ‘নানা উসকানি’ আসার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “ক্যাম্পাসের সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করতে বামপন্থিদের বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে।
“দুঃখজনক হল, বামপন্থিদের এই মিছিলে দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকর্মীকেও দেখা গেছে, যারা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।”
ছাত্রশিবির বলছে, শিক্ষার্থীদের মধ্যে এসব সংগঠনের (বাম সংগঠন) গ্রহণযোগ্যতা ও সমর্থন না থাকায় তারা সব সময় ডাকসু নির্বাচন নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনীহা প্রকাশ করে।
“তারা চলমান উত্তপ্ত পরিস্থিতিকে শিক্ষার্থীদের প্রাণের দাবি আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করছে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান অগ্রগতি থামিয়ে দিতে এ ধরনের অপচেষ্টাকে শিক্ষার্থীরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছেন'।
বিবৃতিতে তারা বলেছে, “গত দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রথম সভাপতি এ টি এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
“একটি গণতান্ত্রিক দেশে সবার যেকোনো বিষয়ে বিক্ষোভ করার কিংবা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। ছাত্রশিবির এই গণতান্ত্রিক নীতির প্রতি সব সময় শ্রদ্ধাশীল।”
ছাত্রশিবিরের অভিযোগ, “অতীতে ‘স্বৈরাচারী’ হাসিনার আমলে যেসব স্লোগান ও রেটরিক ব্যবহার করে ছাত্রশিবিরকে অমানবিকীকরণ করে হত্যার বৈধতা উৎপাদন করা হয়েছিল, তারই পুনরাবৃত্তি করা হচ্ছে৷
“বুধবার রাতে বামপন্থিদের বিক্ষোভ মিছিলে ‘বাঁশের লাঠি মিছিল হবে, শিবির তোমার মৃত্যু হবে’, এমন সন্ত্রাসী স্লোগানও দিতে দেখা গেছে। এই স্লোগানের মধ্য দিয়ে বামপন্থিদের মধ্যে থাকা ছাত্রশিবিরকে হত্যার সুপ্ত হীন জিঘাংসা প্রতিফলিত হয়েছে।”