Published : 05 Sep 2025, 04:04 PM
ডাকসু নির্বাচনের নারী প্রার্থীরা লাগাতার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির মনোনীত ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।
তিনি বলেছেন, “আমাদের (সদস্য) প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে, তাদের বিরুদ্ধে ক্রমাগত স্লাটশেমিং এবং সাইবার বুলিং হচ্ছে।
“আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এ ধরনের হ্যারাজমেন্টের সাথে জড়িত আছে- তারা কালপ্রিট। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি; তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।”
শুক্রবার মাস্টারদা সূর্যসেন হলে জুমার নামাজ শেষে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি; বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা লিখিত অভিযোগও দিয়েছি। অথচ তাদের কোন সাড়া পাইনি।”
৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদও নির্বাচিত হতে যাচ্ছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হবে।
ভোটারের তুলনায় কেন্দ্র পর্যাপ্ত নয় অভিযোগ করে সাদিক কায়েম বলেন, “আমাদের ৩৯ হাজার ভোটার আছে। কিন্তু আমাদের আমরা মাত্র আটটা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে; যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি। কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র, সেখানে কতটুকু ভোট কাজ করতে পারবে- সেটা নিয়ে আমরা সন্দেহ আছে।”
ডাকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের নির্বাচন করছে ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক বলেন, “প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর ডোর টু ডোর যাওয়ার জন্য- তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শোনার জন্য এবং আমরা শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি।”
ডাকসু নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব- এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার।
“জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি। বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাদিক কায়েম বলেন, “তারা নিজেরা সমঝোতা করে সিদ্ধান্ত নিয়েছে। এটা তারা ভালো বলতে পারবেন।”