১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের মারধরে জড়িতদের গ্রেপ্তারসহ ৩ দাবি ডুজার

ডাকসুর নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 02:32 AM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ঢাকায় সাংবাদিকদের মারধরে জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এসব দাবি জানানো হয়।

সমিতির তিন দফা দাবির মধ্যে রয়েছে-

>> হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার

>> জড়িত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও

>> সারাদেশে ‘স্বাধীন সাংবাদিকতার’ পরিবেশ নিশ্চিত করা।

তিন সদস্যের তদন্ত কমিটি

মারধরের অভিযোগ তদন্তে সহকারী প্রক্টর অধ্যাপক শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ক্রিনশট পোস্ট করাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতাকে শাহবাগ থানার মধ্যে মারধর করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ কয়েকজন সদস্যও আহত হন।

চবিতে মিছিল

ডাকসুর নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ মিছিল হয়।

ছাত্রদলের দিকে ইঙ্গিত করে চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “৫ অগাস্টের পর আমরা ভেবেছিলাম, সন্ত্রাসের রাজনীতি শেষ হবে। কিন্তু তারা আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করতে চায়। এর কারণ তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। 

“প্রধানমন্ত্রী শুধু সংসদেই নীরব নন, গণমাধ্যমকেও নীরব করতে চায়। এদের বিচার নিশ্চিত করতে হবে।”