২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’ ২২ জুন

বিদেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ছাড়াও যারা রাষ্ট্র সংস্কারে কাজ করছেন তারাও এই কনফারেন্সে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

রাষ্ট্র সংস্কার বিষয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’; যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ২২ জুন সকাল ১০টায় কনফারেন্সটি শুরু হবে। 

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ১১টি ছায়া সংস্কার কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের ওপরে এটাই প্রথম কনফারেন্স। বিদেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ছাড়াও যারা রাষ্ট্র সংস্কারে কাজ করছেন তারাও এই কনফারেন্সে অংশ নেবেন। 

“ইতোমধ্যে একটি জাতীয় কনফারেন্স কমিটি গঠন করা হয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথে সাংবাদিক, শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা কাজ করছেন।”

তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে তা ছায়া সংস্কার কমিশনের রিপোর্টে উল্লেখ থাকবে। সবগুলো কমিশনের রিপোর্ট আমরা ফাইনাল করেছি। আমরা জনমত নিচ্ছি। 

“চূড়ান্ত রিপোর্টগুলো আমরা বিশেষজ্ঞের মাধ্যমে রিভিউ করেছি। এখন বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলছি। এরপর ফাইনাল করে ফেলব। আমরা এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক স্কলারদের একত্র করছি।”

সংবাদ সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নাসিমা খাতুন, অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল-আযম সওদাগর উপস্থিত ছিলেন।