Published : 26 Dec 2025, 06:16 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় উপস্থিতির হার ৯১ দশমিক ৯৪ শতাংশ ছিল বলে বিশ্ববিদ্যালয়ের এক বার্তায় জানানো হয়।
‘এ’ ইউনিটের ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৭২ হাজার ৪৭৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৬ হাজার ৬৩০ জন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা ও ঢাকার বাইরে ১২টি কেন্দ্রে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়।
কেন্দ্রগুলো হলো– জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন।
এবার ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর ছিল বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ)। বাকি ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে।
গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা হবে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি (বেলা ১১টা থেকে দুপুর ১২টা) এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি (বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা) হওয়ার কথা রয়েছে।