Published : 15 May 2026, 09:26 PM
হামে চারশর বেশি শিশুর প্রাণহানির ঘটনায় বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ থেকে হামের প্রাদুর্ভাব ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারকে দায় দিয়ে বিচারের দাবি তোলেন তারা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সোহেল রানা বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে ফুলের মতো নিষ্পাপ শিশুরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেউ কেউ অকালে নিজেদের প্রাণ হারাচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক নয়।
“স্পষ্ট করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্যখাতে যে নজিরবিহীন দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে, তার সঙ্গে যারা জড়িত ছিল, বর্তমান সরকারের প্রতি এই সমাবেশ থেকে আমাদের আহ্বান- অবিলম্বে সেই সব দুর্নীতিবাজ ও ভাগ-বাটোয়ারার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”
ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ কবির বলেন, “আমরা যখন নিজেদের ঘরে, বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা স্বাভাবিক জীবনে ব্যস্ত, ঠিক সেই সময়ে বাংলাদেশের প্রায় ৫৮টি জেলায় পাঁচ বছরের নিচে চার শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। একইসঙ্গে ৫৫ হাজারেরও অধিক শিশু হামে আক্রান্ত হয়েছে।
“বাংলাদেশের টিকা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ ও গ্যাভির মতো সংস্থাগুলো কাজ করলেও যথাসময়ে পর্যাপ্ত টিকা নিশ্চিত করা হয়নি। জনগণের স্বাস্থ্যসেবার পরিবর্তে টেন্ডার ও ভাগ-বাটোয়ারার রাজনীতি প্রাধান্য পেয়েছে।…বর্তমান সরকার অনেক আশ্বাস দিলেও এখনো অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর তদন্ত বা বিচার নিশ্চিত করতে পারেনি।”
চবি শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জেস চাকমা বলেন, “আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে হাম নিয়ে কথা বলছি, তখন দেশের কোনো না কোনো হাসপাতালে কোনো শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চার শতাধিক শিশু ইতোমধ্যে মারা গেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার চরম অবহেলার কারণে দেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে।”
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম এখনো সবদিক থেকে অবহেলিত। বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রভাবে বহু শিশু মারা যাচ্ছে। সংসদে সরকার বা বিরোধীদল কেউ এই সংকট নিয়ে কথা বলছে না। অথচ দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
“একটি দেশ এভাবে চলতে পারে না। সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। টিকা কার্যক্রমে দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলেই আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। যারা এ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”