Published : 23 Nov 2024, 04:06 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন' কেমন হবে তা ঠিক করতে অংশীজনদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে গঠিত বিশেষ কমিটি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি আজকে প্রথম সভা করে প্রক্রিয়াটি শুরু করেছে। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন অংশীজনের সাথে তারা আলোচনা করবেন। এ বিষয়ে কাজ করে সমাধান বের করতে তারা খুবই আন্তরিক।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সভায় দুটি সিদ্ধান্ত হয়েছে।
প্রথমটি হল- ডাকসু নির্বাচন, আবাসিক হলে ছাত্র রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী আন্তঃসম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি পরামর্শ বাক্স স্থাপন ও বিশেষ একটি ইমেইল খোলা হবে।
দ্বিতীয়ত, এই বিশেষ কমিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অ্যালামনাই, দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ডাকসুর সাবেক নেতা, অভিভাবকসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন কেমন হবে, সে বিষয়ে গত ১৪ নভেম্বর বিশেষ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন।
আহ্বায়কের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা।
কমিটির সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান জেড এন তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজ সভায় উপস্থিত ছিলেন।