১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জকসু ভোট: শেষ সময়ে দীর্ঘ লাইন, অনড় নির্বাচন কমিশন

“আমাদের নতুন করে সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ৩টা পর্যন্ত ভোট নেবো। এরপর আর কেউ ভোট দিতে পারবে না।”

বিডিনিউজ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 03:13 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটদানের সময় যখন শেষের পথে, তখন ভোটকেন্দ্রগুলোতে ভোটারের লাইনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

এমন পরিস্থিতিতে বেলা ৩টার মধ্যে সব ভোটার ভোট দিতে পারবেন কিনা, সেই শঙ্কা প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।  

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ভাষা শহীদ রফিক ভবনের দ্বিতীয় তলায় দেখা যায়, অন্তত ৩০ জন শিক্ষার্থী লাইনে অপেক্ষা করছেন। কলাভবনের সামনেও এমন দৃশ্য দেখা যায়।

তবে ভোটের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার মাহমুদ। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নতুন করে সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ৩টা পর্যন্ত ভোট নেবো। এরপর আর কেউ ভোট দিতে পারবে না।”

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়।একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও হচ্ছে।

তীব্র শীতের মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। শুরুতে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা গেলেও বেলা ১১টার পর ভিড় অনেকটা কমে যায়।তবে সাড়ে ১২টার পর শিক্ষার্থীদের উপস্থিতি আর উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ক্যাম্পাসের প্রতিটি ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী অংকিতা সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা খাকলেও সেদিন সকালে খালেদা জিয়ার মৃত্যুর কারণে ভোট পিছিয়ে গিয়েছিল।  

“সেদিন সকালেই অনেকে কেন্দ্রে এসেছিল। সেদিন ভোট স্থগিত হওয়ার কারণে আজ সকাল সকাল ভোট দিতে আসিনি। দুপুর পর্যন্ত দেখলাম যে সবাই ভোট দিচ্ছে এবং নির্বাচনে কোনো বাঁধা নেই। তাই আমি দুপুরে এসেছি।” 

এই শিক্ষার্থী বলেন, “এখানে এসে দেখি লম্বা লাইন। প্রায় আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে আগাতে পারছি না।”

এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। জকসুর ২১টি পড়ে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণণা সরাসরি সম্প্রচার করা হবে।

পাঁচ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কত শতাংশ কাস্ট হয়েছে বলতে পারছি না। আমরা একসাথে জানিয়ে দেব।”