জবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্রদল
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিতও ঘোষণা করেছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সংবাদকর্মীদের ওপর হামলার বিচারে ‘গাফিলতি’ এবং সম্পূরক বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের ‘ন্যায্য দাবি বাস্তবায়নে ক্রমাগত ব্যর্থতার’ অভিযোগ তুলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
তিনি বলেন, “জবি প্রশাসন এবং শিবিরের প্রত্যক্ষ মদদে সাংবাদিক সমিতির গঠনতন্ত্র পরিবর্তন করে একটি পাতানো নির্বাচনের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের স্বনামধন্য পত্রিকার সাংবাদিকদের বাদ দিয়ে শিবিরের মতাদর্শের সাংবাদিকদের রাখা হয়। বাদ যাওয়া সাংবাদিকরা এ বিষয়ে জানতে গত বৃহস্পতিবার যখন সাংবাদিক সমিতিতে যায়, তখন শিবির এবং শিবিরপন্থি সাংবাদিকরা তাদের ওপর হামলা চালায়।
“আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক হামলার বিচার চেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার নিশ্চিত না করে গাফলতি করেছে। আহত সাংবাদিকদের দেখতে একটিবারের জন্য হাসপাতালে যায়নি এ প্রশাসন। শুধু তাই নয়, তারা ন্যূনতম একটি তদন্ত কমিটি পর্যন্ত করেনি।এতকিছুর পরেও যেখানে প্রশাসন নীরব, তাহলে বুঝতে আর বাকি নেই।”
শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রসঙ্গে হিমেল বলেন, “সম্পূরক বৃত্তি নিয়েও আমরা বারবার আন্দোলন করেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানে ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের ওপর শিবিরের হামলার বিচার নিশ্চিত করতে না পারা এবং সম্পূরক বৃত্তি প্রদানে ব্যর্থতায় আমরা প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।”
দ্বিতীয় ক্যাম্পাস ও দুটি আবাসিক হলের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ আবাসন ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। ওই ভাতাকেই তারা সম্পূরক বৃত্তি বলছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “দেশের স্বনামধন্য পত্রিকার সাংবাদিকদের ওপর শিবিরের ন্যক্কারজনক হামলার বিচার চেয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসন বিচার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের গাফিলতি স্পষ্ট।
“এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তিসহ তিন দাবিতে অনশন কর্মসূচি পালন করেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে কথা দিয়েছিল সম্পূরক বৃত্তি জানুয়ারি মাসে প্রদানে ব্যর্থ হলে তারা পদত্যাগ করবে। কিন্তু জানুয়ারি গড়িয়ে মার্চ মাস চলে, এখনও প্রশাসন বৃত্তি দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থ প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
