ডাকসু: গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে
ভোটের সকালে তাকে টিএসসি থেকে আটক করা হয়।
ডাকসু নির্বাচনে সাংবাদিক পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশকারী জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।
তার জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই স্বপন কুমার জানান, জাহিদকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের টিএসসি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে ‘সন্দেহজনক’ ঘোরাফেরা করায় জাহিদকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। পরে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।
পুলিশের আবেদনে বলা হয়েছে, প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম ঠিকানা প্রকাশ করে। ক্যাম্পাসে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি তিনি। অধিকতর তদন্তের জন্য আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
