শেখ হাসিনার সময়কার স্লোগানে চবির পরীক্ষার রুটিন
“মূলত বিশ্ববিদ্যালয়ের অর্থ যাতে নষ্ট বা অপচয় না হয়, এজন্য এগুলো ব্যবহার করা হচ্ছে,” বলেন আইন অনুষদের ডিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে শেখ হাসিনা সরকারের সময়কার স্লোগান সম্বলিত বিশ্ববিদ্যালয়টির লোগো ছাপানো হয়েছে।
রোববার ওই রুটিন প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে ক্যাম্পাসে।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবীর স্বাক্ষর রয়েছে রুটিনে। রকিবা নবী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘হলুদ দলের’ সদস্য।
পরীক্ষার রুটিনের উপরের অংশের মাঝ বরাবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোর নিচে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা রয়েছে।
এ বিষয়ে রকিবা নবীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ধরেননি।
আইন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ জাফর তালুকদার বলেন, “এগুলো (প্যাড) আসলে আগে ছাপানো ছিল, এগুলো তো আর নষ্ট করা যাবে না। এটা শুধু আইন বিভাগে নয়, অনেক দপ্তর ও চিঠিতেও পাবেন।
“মূলত বিশ্ববিদ্যালয়ের অর্থ যাতে নষ্ট বা অপচয় না হয়, এজন্য এগুলো ব্যবহার করা হচ্ছে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ওপরও দায় চাপান ডিন জাফর তালুকদার। তিনি বলেন, “স্টাফদের ভুল এখানে মুখ্য বিষয়। কারণ স্টাফরাই মূলত এগুলো দেখার দায়িত্ব থাকেন।”
