জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৭ বছরে শুধু একটি হল
একমাত্র মাঠটিও হাতছাড়া হয়ে গেছে; দীর্ঘ হয়েছে নতুন ক্যাম্পাসের জন্য ১৩ হাজার শিক্ষার্থীর অপেক্ষা।
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৭ বছরে মাত্র একটি আবাসিক হল পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা; পুরনো হলগুলো উদ্ধার, উদ্ধার হওয়া হলগুলোর সংস্কার আর নতুন হল নির্মাণের দাবি এখনও অপূর্ণই রয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক। এরপর দিনব্যাপী চলবে নানা আয়োজন।
২০০৫ সালের ২০ অক্টোবর এ শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলেও ছাত্রাবাসসহ অন্যান্য সুবিধা না থাকায় নিয়মিত আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
লাগাতার আন্দোলনের পর ২০১৪ সালে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল নির্মাণের কাজ শুরু হয়। এটিই এ বিশ্ববিদ্যালয়ের প্রথম হল। লিয়াকত এভিনিউয়ের সেই হলে ছাত্রীরা ওঠেন চলতি বছরের মার্চে।
এ হলের আবাসিক শিক্ষার্থী তূর্ণা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “হল হওয়ায় এবার বিশ্ববিদ্যালয় দিবসটা আরও ভালো করে উপভোগ করতে পারব৷ আয়োজনের মূল আকর্ষণটাই থাকে সন্ধ্যার দিকে। বাসা দূরে থাকায় অন্যবার চলে যেতে হত, এবার হলে থেকে দেখতে পারব।”
নিজের এই উচ্ছ্বাসের সঙ্গে সেইসব বন্ধুদের কষ্টের কথাও তূর্ণা বললেন, যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
“হলে থাকায় আমরা কিছুটা হলেও ভালো আছি। কিন্তু আমাদের বন্ধুদের কিন্তু সে সুযোগ নেই৷ তারা মেসে অনেক কষ্টে থাকে, কর্তৃপক্ষের উচিত সেদিকে নজর দেওয়া।"
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতায় ৩৬টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউট আছে। শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজারের বেশি।
ফজিলাতুন্নেছা মুজিব হলের আরেক শিক্ষার্থী বৃষ্টি আক্তার বলেন, “আরো হল নির্মাণ করা উচিত আসলে। একটা হলে তো খুব বেশি শিক্ষার্থী থাকার সুযোগ নেই। আর আমাদের বিশ্ববদ্যালয়ে একটা কিছু শুরু করা মানে কয়েক যুগ কেটে যায়৷ তাই দাবি জানিয়েও আসলে কোনো লাভ নেই৷"
নতুন ক্যাম্পাস কতদূর
শিক্ষার্থীদের আবাসনসহ নানা সংকট সমাধানে ২০১৯ সালের ৯ অক্টোবর কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করে একনেক।
প্রায় ২০০ একর জমির ওপর এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার এ প্রকল্প ২০২০ সালের অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল।
তবে নতুন ক্যাম্পাসের ২০০ একর জমির মধ্যে ২০২০ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৮৮ দশমিক ৬০ একর জমি বুঝিয়ে দেয় ঢাকার জেলা প্রশাসন। হস্তান্তর বাকি রয়েছে ১১ দশমিক ৪০ একর জমি। শেষ হয়নি সীমানপ্রাচীরের কাজও।
কয়েক ধাপ বাড়িয়ে সেই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত গড়িয়েছে।
হল হবে?
পুরান ঢাকার বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা যেসব ছাত্রাবাস তৈরি করেছিল, ১৯৮৫ সালের পর থেকে সেগুলো একে একে স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যেতে থাকে।
বিশ্ববিদ্যালয় হওয়ার পর শিক্ষার্থীদের কয়েক দফা আন্দোলনের মুখে হল উদ্ধারে সরকার একাধিক কমিটি গঠন করলেও বেদখল হওয়া ১১টি হলের মধ্যে দুটি ছাড়া বাকিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
অর্ধযুগের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও কর্মচারী এসব পুরনো ভবনে থাকলেও কোনোটিই বসবাসের উপযোগী নয়।
হল উদ্ধারে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রনেতারা বলছেন, শিক্ষার্থীদের তীব্র আবাসন সংকট থাকার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় এসব স্থাপনার উন্নয়ন হয়নি।
আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারের বরাদ্দ ও নির্দেশনা ছাড়া হলগুলোর পরিকল্পনায় যেতে পারছেন না তারা।
খেলার মাঠ
শতবর্ষী জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর আইন অনুযায়ী নিরীক্ষা করে বিলুপ্ত কলেজের যে সম্পত্তির হিসাব বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়, তার অধিকাংশই ছিল তখন বেদখলে।
ক্যাম্পাসের সীমানার বাইরে কেবল ধূপখোলার খেলার মাঠটিকেই নিজেদের কর্তৃত্বে পেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গেল বছর বিশ্ববিদ্যালয় সেটাও হারায়।
এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে আসছিল কর্তৃপক্ষ। ২০২০ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের আয়োজন হয়েছিল সেখানে, তাতে সভাপতিত্ব করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন সাড়ে সাত একর আয়তনের মাঠটিকে নিজেদের সম্পত্তি দাবি করে সেখানে মার্কেট তৈরির কাজ করছে।
শিক্ষার্থীদের প্রত্যাশা
প্রতিষ্ঠার ১৭ বছরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্বিবদ্যালয় হিসেবে গড়ে না উঠায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে এসে তো কতকিছু হবে শুনছি। কিছুই কিন্তু হচ্ছে না। আমাদের পড়াশোনার চেয়েও মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থ উপার্জন।
“বিশ্ববিদ্যালয়টা আবাসিক হলে কিন্তু আমাদের পয়সার পিছনে ছুটতে হত না। পড়াশোনায় তখন পূর্ণাঙ্গ মনোযোগ দেওয়া যেত। অন্তত কয়েকটা হল দ্রুত বানানো উচিত।"
ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের সিফাত আহমেদ বলেন, "বেশ কয়েক বছর আগে আমার এক ভাই পড়ছেন এখানে; তার সময় থেকে শুনতেছি সুন্দর বিশ্ববিদ্যালয় হবে। এখনো কিছুই হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হলে এত সময় লাগার কথা না।
"কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর সুযোগ সুবিধা নিশ্চিতে তারা যেন দ্রুত পদক্ষেপ নেন।"
মাস্টার্সের শিক্ষার্থী নূর হোসেন টিপু বলেন, "আমাদের তো বিশ্ববিদ্যালয় লাইফ শেষ, আমরা যেটা পাইনি সেটা আমাদের জুনিয়ররা পাক সেই প্রত্যাশা করি।
"কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, উনারা যেন আমাদের পুরনো হলগুলো উদ্ধার করেন। কয়েকটা হল উদ্ধার হইছে শুনছিলাম কিন্তু সেগুলোও থাকার উপযোগী না। কর্তৃপক্ষ এগুলো সংস্কার করলে অনেকে শিক্ষার্থী ভালোমতো থাকতে পারত সেখানে।"
ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ব্রাহ্ম ধর্ম সম্পর্কে সাধারণ ছাত্রদের জানাতে আরমানিটোলায় ব্রাহ্ম সমাজের নিজস্ব প্রাঙ্গণে ১৮৫৮ সালে চালু হয় অবৈতনিক ঢাকা ব্রাহ্ম স্কুল।
আর্থিক সঙ্কটে ১৮৭২ সালে ব্রাহ্ম স্কুলের ভার তুলে দেওয়া হয় বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর হাতে, পরে জমিদারের বাবার নামে তা ‘জগন্নাথ স্কুল’ নাম পায়।
এরপর উপমহাদেশের পুরনো এ বিদ্যাপীঠের দেড় শতকের পথচলা চিত্তরঞ্জন এভিনিউয়ের বর্তমান ঠিকানাতেই।
১৮৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় ও ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজে উন্নীত হয়। ১৮৮৭ সালে ‘কিশোরীলাল জুবিলি স্কুল’ নামে স্কুল শাখাকে জগন্নাথ কলেজ থেকে আলাদা করা হয়, যা এখন কে এল জুবিলি স্কুল নামে পরিচিত।
১৯২০ সালে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ‘জগন্নাথ কলেজ আইন পাস করে। তবে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা সীমিত করা হয়।
১৯৪২ সালে মেয়েদেরও জগন্নাথ কলেজে ভর্তির সুযোগ হয়। পরে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ দিতে জগন্নাথ কলেজে নৈশকালীন পাঠদান শুরু হয়।
১৯৬৮ সালে জগন্নাথকে সরকারি (প্রাদেশিকীকরণ) করা হয়, ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফায় এর বিরোধিতা করলে ওই বছরই কলেজটি আগের অবস্থায় ফিরে যায়।
স্বাধীনতার পর ১৯৭২ সালে জগন্নাথ কলেজকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত করা হয়।
২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।
