২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিট প্রকল্প’: বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসির চুক্তি বুধবার

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 01:32 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

‘হিট’ প্রকল্পের ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বুধবার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন— ইউজিসি।

মঙ্গলবার কমিশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনের পর ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি হিট (হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের ৫০ দশমিক ৯৬ শতাংশ বহন করবে সরকার। বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ দেবে বিশ্বব্যাংক।

এ প্রকল্পে বাজার চাহিদাভিত্তিক কারিকুলাম প্রণয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ অ্যাকাডেমি প্রতিষ্ঠা, বিডিরেনের সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম বেগবান করা, ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতামূলক গবেষণার উদ্ভাবনী প্রকল্প চালু করার মতো বিষয় রয়েছে।

সংবাদ সম্মেলনে ফায়েজ বলেন, “হিটের বিভিন্ন সাব প্রজেক্ট প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে সব ধরনের ধরনের উদ্যোগ ইউজিসি নিশ্চিত করেছে।” 

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন। 

হিট-এর প্রকল্প পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধলেন।