২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জকসু ভোটের নতুন তারিখ

সিন্ডিকেট সভায় এ দিন ঠিক করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন দিন ঠিক করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দ্বিতীয় দফায় জরুরি সভা করে ভোটের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ঠিক করেছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ পুনরায় বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবেন।”

এদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম জকসুর ভোট হওয়ার কথা ছিল। এদিনই ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

এ খবরে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভা করে ভোট স্থগিত করে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার মৃত্যুতে ১০৭তম সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ১০৮তম সিন্ডিকেট সভায় ভোটের জন্য ৬ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।

২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়।

নানা চড়াই-উতরাই পেরিয়ে গত ৫ ডিসেম্বর জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। শুরুতে ভোটগ্রহণের জন্য ২২ ডিসেম্বর দিন ঠিক করা হলেও ভূমিকম্পে ক্যাম্পাস বন্ধ থাকায় ৮ দিন পিছিয়ে তা ৩০ ডিসেম্বর করা হয়।