১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির মলচত্বরে উপড়ে পড়ল বিরাট কৃষ্ণচূড়া গাছ

গাছটির বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 04:56 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ভারি বর্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় একটি বড় কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে। 

মলচত্বরের এক কর্মচারী বলেন, রোববার সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ গাছটি গোড়া থেকে উপড়ে পড়ে। এ সময় সেখানে লোকজন না থাকায় বড় কোনো বিপদ ঘটেনি। 

গাছটির বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর বলে তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক জসীম উদ্দিন।

গাছটি উপড়ে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, “মলচত্বরের রাস্তায় কনক্রিটের অবকাঠামো গড়ে ওঠার কারণে গাছটির গোড়ার শিকড়গুলো আর মেলতে পারেনি। এতে গাছটির গোড়া হালকা হয়ে যাওয়ায়, ভারি কোনো বাতাস ছাড়াই বৃষ্টিতে এটি উপড়ে পড়েছে।”

গাছটি উপড়ে পড়ার কারণে আশপাশে থাকা কনকচূড়া ও শিমুলসহ একাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। মলচত্বরের সব বড় গাছ একইরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে আশঙ্কা প্রকাশ করেন অধ্যাপক জসীম।

এর আগে আরবরি কালচার সেন্টারের এক বৃক্ষশুমারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা দেশি-বিদেশি প্রজাতির ১৭ হাজার ১৬১টি গাছের মধ্যে প্রায় ২ হাজার ২১৩টি ভেঙে পড়া, উপড়ে পড়া ও রোগাক্রান্ত হওয়াসহ নানা ঝুঁকিতে আছে বলে তথ্য উঠে আসে। 

বিশেষ করে বিদেশি জাতের বড় গাছগুলো বেশি ঝুঁকিতে আছে বলে শুমারিতে বলা হয়। 

এতে বলা হয়, ক্যাম্পাসের অন্তত ৪০২টি গাছ ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে, যা প্রতিকূল আবহাওয়ায় ভেঙে পড়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে। ১৯টি গাছের শিকড় সড়কের ক্ষতি করছে এবং ১৮টি গাছ সড়কের অত্যন্ত কাছাকাছি অবস্থান করছে।

পুরনো খবর-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা ঝুঁকিতে ২২০০ গাছ