Published : 29 Jul 2026, 05:27 PM
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), মালয়েশিয়ার হেল্প ইউনিভার্সিটি এবং ইউসেপ বাংলাদেশ।
মঙ্গলবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘ক্রিয়েটিং পাথওয়েজ ফর এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়েবিলিটি: আ বাংলাদেশ–মালয়েশিয়া জয়েন্ট ইনিশিয়েটিভ’ শীর্ষক এক সেমিনারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি (মালয়েশিয়া) ও ইউসেপ বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতার ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি পরীক্ষামূলক দক্ষতা ও কর্মসংস্থান প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে।
পাশাপাশি অ্যাক্রেডিটেশন অব প্রায়র এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ফর কোয়ালিফিকেশন (এপিইএল.কিউ), অ্যাক্রেডিটেশন অব প্রায়র এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ফর ক্রেডিট অ্যাওয়ার্ড (এপিইএল.সি) এবং রিকগনিশন অব প্রায়র লার্নিং (আরপিএল), মাইক্রো-ক্রেডেনশিয়াল এবং মডুলার সার্টিফিকেশন বাস্তবায়নে কাজ করবে।
এ ছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষতা সনদ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প-সংশ্লিষ্ট সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) শিক্ষা, সনদায়ন ও জনশক্তি উন্নয়ন প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাও অনুসন্ধান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য হল এমন একটি সম্প্রসারণযোগ্য মডেল তৈরি করা, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন, পূর্ব অর্জিত শিক্ষার স্বীকৃতি এবং কর্মসংস্থানভিত্তিক সমন্বিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে সহায়ক হবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমানসহ বাংলাদেশ ও মালয়েশিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিল্পখাতের বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকেরা সেমিনারে অংশ নেন।
সিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম. আইয়ুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ কমিটির আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম, হেল্প ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর অধ্যাপক পল চ্যান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নূরুল আবসার অনুষ্ঠানে বক্তব্য দেন।