২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিল নর্থ-সাউথ ইউনিভার্সিটি

এসআইপিজির অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এবং গভর্নেন্স (এসআইপিজি)-এ পাঁচ দিনব্যাপী একটি কেস স্টাডিভিত্তিক শিক্ষা (সিবিএল) প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন নেপাল সরকারের ১১ কর্মকর্তা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নেপালের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এসআইপিজি নেপালের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করেছিল।

এসআইপিজির অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় বলছে, কেস স্টাডিগুলো বিশ্লেষণ করে বাস্তব ও তাত্ত্বিক জ্ঞান প্রদানের মাধ্যমে সিদ্ধান্ত নির্ণয়, সমস্যা সমাধান এবং কৌশলগত চিন্তা ক্ষমতা বৃদ্ধি করতে এই প্রশিক্ষণ সহায়ক হবে, যা সরকারি পরিষেবার জন্য অপরিহার্য।

বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী সমাপনী অনুষ্ঠানে বলেন, “শিক্ষাখাতে নেপালের ছাত্রদের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গন্তব্য এবং আগামী বছরগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। বাংলাদেশ ও নেপালের মধ্যে সম্পর্ক প্রাচীন কাল থেকে চলে আসছে।” 

নেপালে চর্যাপদ আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং অর্থনৈতিক বিনিময় সবসময়ই ছিল। এই প্রশিক্ষণ বাংলাদেশ ও নেপালের মধ্যে শক্তিশালী বন্ধনের প্রমাণ।”

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল বিভাগের ডিন অধ্যাপক শেখ তৌফিক এম হক বলেন, “এসআইপিজি এবং নেপালি সিভিল সার্ভিসের মধ্যে সহযোগিতা ২০০৮ সালে শুরু হয়েছিল। যখন এসআইপিজি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এবং ভুটানের সিভিল সার্ভিসের জন্য পাবলিক পলিসি ও গভর্নেন্সের উপর আঞ্চলিক মাস্টার্স প্রোগ্রাম শুরু করে। তখন থেকে এসআইপিজি নেপালের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে আসছে, যেমন ইউজিসি নেপাল, নেপাল আডমিনিস্ট্র্যাটিভ কলেজ, এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয়।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান বলেন, “এনএসইউ নেপালি সিভিল সার্ভিসের জন্য এই আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত। এবং নেপালি প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য আমি আশাবাদী।”

সনদ প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। নেপালের দলনেতা নবিন চাপাগাইন বলেন, “নেপালি দল এনএসইউর আতিথেয়তা এবং প্রশিক্ষণে খুবই সন্তুষ্ট। নেপালে ফিরে আমার সহকর্মীদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব।”

অন্যদের মধ্যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ার এবং কোর্স পরিচালক ড. রিজওয়ান খায়ের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।