Published : 07 Jul 2026, 08:29 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) এআই-ফার্স্ট স্টার্টআপ গঠনের অভিজ্ঞতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল এবং সিআইইউ এআই সেন্টারের যৌথ উদ্যোগে সোমবার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে ‘বিল্ডিং অ্যান এআই-ফার্স্ট স্টার্টআপ: লেসন্স ফ্রম দ্য ট্রেঞ্চেস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সিআইইউর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়, সেমিনারে প্রধান বক্তা ছিলেন কজাল ডাইনামিক্স ল্যাবের ফাউন্ডার অ্যান্ড হেড অব এআই এস এম মাহবুব মুরশেদ। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মাহবুব মুরশেদ বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের ব্যবসা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির অন্যতম চালিকাশক্তি। একটি সফল এআই-ফার্স্ট স্টার্টআপ গড়ে তুলতে বাস্তব সমস্যা চিহ্নিতকরণ, ব্যবহারকারীর চাহিদা বোঝা, দক্ষ দল গঠন, দ্রুত পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ এবং ধারাবাহিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।”
সেমিনার সঞ্চালনা করেন সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষার্থী নিলুফার ফাতেমা। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই, স্টার্টআপ, গবেষণা, ক্যারিয়ার এবং আন্তর্জাতিক প্রযুক্তি খাতে কাজের সুযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
প্রধান বক্তা এসব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।