Published : 12 Jan 2026, 09:48 PM
‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’ পেয়েছেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও গবেষক মুহম্মদ ইউসুফ সিদ্দিকি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার নবম ‘নন-ফিকশন বইমেলায়’ তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।
মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত ‘নন-ফিকশন’ বই থেকে বিচারক প্যানেল দুটি বই নির্বাচন করে লেখকদের সম্মানিত করা হয়। একইসঙ্গে গ্রন্থগুলোর প্রকাশককেও সম্মাননা দেওয়া হয়।
এবারের আয়োজনে ‘দ্বিরালাপ: চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা’ বইয়ের জন্য সম্মাননা পেয়েছেন নিউএজ সম্পাদক। বইটি প্রকাশ করেছে ‘কথাপ্রকাশ’।
‘শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা’ বইয়ের জন্য সম্মাননা পেয়েছেন গবেষক মুহম্মদ ইউসুফ সিদ্দিকি। বইটি প্রকাশ করেছে ‘প্রথমা প্রকাশন’।
গ্রন্থ সম্মাননার জন্য চার সদস্যের জুরি বোর্ডের সভাপতি ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সচিব ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক ও ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ।
সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে নূরুল কবীর বলেন, “আমার লেখক জীবনে একুশে পদকসহ অনেক সময় বিভিন্ন জায়গা থেকে পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আমি কখনোই কোনো পুরস্কার গ্রহণ করিনি। কারণ আমি মনে করি পুরস্কার দেওয়ার আগে তা গ্রহণের জন্য মতামত চাওয়া হলে তা সম্মানজনক হয় না।
“এবারই প্রথম আমি কোনো পুরস্কার গ্রহণ করতে এসেছি। কারণ গতকালই একজন জুরি বোর্ডের সদস্য আমাকে পুরস্কারের বিষয়ে জানিয়েছেন এবং এটি আমার জন্য কিছুটা বিস্ময়কর ছিল।”