১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মিডিয়া লিটারেসি নেটওয়ার্কের’ কর্মশালা

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনেস্কো ঢাকা অফিসের এ উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:46 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ বিষয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে প্রারম্ভিক সভা ও কর্মশালার আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনেস্কো ঢাকা অফিস।

রোববার ঢাকার আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘একটি সুন্দর ডিজিটাল ইকোসিস্টেমের কৌশল’ শীর্ষক একটি কর্মশালা এবং ও সভা হয় বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ প্রসারে ইউনেস্কোর ভূমিকা অনুষ্ঠানে তুলে ধরেন। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক দিলারা বেগম একটি স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব করেন এবং নেটওয়ার্কের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করেন। 

ইউনেস্কো ঢাকা অফিসের নূরে জান্নাত প্রমা নেটওয়ার্কের মূল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান আলোচনা পর্বের সমাপনী বক্তব্য দেন; যেখানে তিনি ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ উদ্যোগে পারস্পারিক সহযোগিতার ওপর জোর দেন।

একটি স্বস্তিদায়ক ডিজিটাল ইকোসিস্টেম কীভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বিকেলে কর্মশালায় আলোচনা করা হয়। 

অধ্যাপক সাইফুল আলম ‘ডিজিটাল গোলকধাঁধা নেভিগেট করা: ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া খবর বোঝা’ বিষয়ে আলোচনা করেন। 

অধ্যাপক দিলারা বেগম ‘ডিজিটাল যুগে তথ্য যাচাই: অপরিহার্য সরঞ্জাম এবং কৌশল’ নিয়ে বক্তব্য দেন। 

দেশের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।