২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হামলার প্রতিবাদে ঢাবির টিএসসিতে ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’

সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর হামলার ঘটনাগুলোর দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করা হয় অনুষ্ঠানে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

গানে গানে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) এক অনুষ্ঠানে।

সোমবার সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’ শীর্ষক এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। এটি রাত ১০টা পর্যন্ত চলার কথা রয়েছে।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর হামলার ঘটনাগুলোর দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।

তাদের তুলে ধরা চার দফা দাবির মধ্যে রয়েছে বাউল ও অন্যান্য সাংস্কৃতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘৃণা, উস্কানি ও সহিংসতার বিরুদ্ধে সমন্বিত সামাজিক উদ্যোগ গড়ে তোলা।

ধর্ম অবমানননার অভিযোগে ২০ নভেম্বর মানিকগঞ্জের সাটুরিয়ার বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার তিন দিন পর ‘তৌহিদী জনতার’ হামলায় এ বাউল শিল্পীর তিন সমর্থকও আহত হন।

এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী এ বাউল সন্ধ্যার আয়োজন করা হয়।  

এ অনুষ্ঠানের আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত বলেন, বাংলার লোকসংস্কৃতি, মানবতাবাদ ও সাম্যের প্রতীক বাউল দর্শন। এই ভূখণ্ডের মুক্তচিন্তার ধারাকে শত শত বছর ধরে সমৃদ্ধ করেছেন তারা।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর সংঘটিত হামলার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ ধরনের আক্রমণ কেবল একজন শিল্পীর ওপর নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির ওপর স্পষ্ট আঘাত।”

আয়োজকদের আরেকজন আবিদুর রহমান মিশু বলেন, বাউল দর্শন কেবল একটি শিল্পধারা নয়; এটি সাম্য, মানবতা ও শান্তির পথ। এ পথ রক্ষায় রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক অঙ্গনের সবাইকে একসাথে দাঁড়াতে হবে।