হাদির হামলাকারীদের গ্রেপ্তারে সময় বেঁধে দিলেন ডাকসু নেতারা
“সরকারকে আমরা ২৪ ঘণ্টার সময় দিচ্ছি; এর মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভ-সমাবেশ থেকে হাদির ওপর আক্রমণে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ডাকসু ভবন থেকে মিছিল নিয়ে ভিসি চত্বরে যান ডাকসু নেতারা। তারা বিভিন্ন স্লোগান দেন। এরপর সেখানে সমাবেশ করেন।
সমাবেশে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, “শরীফ ওসমান হাদীর সংগ্রাম আমাদেরই সংগ্রাম। আজকে ওসমান হাদীকে গুলি করা হয়েছে, কিন্তু এর মাধ্যমে তার যে লড়াই সেই লড়াই শেষ হয়ে যাবে না।
“তাকে যারা হামলা করেছে, তাদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। এর মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, “আমরা হাদি ভাইয়ের পিআর টিমের সঙ্গে কথা বলেছি, তারা কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে, যারা সকাল থেকেই ওসমান হাদিকে অনুসরণ করছিল। আমরা সেসব ফুটেজ রমনা জোনের ডিসিকে হস্তান্তর করেছি।
“যেসব কিছু পুলিশের বের করার কথা, সেসব আমরা তাদের দিয়েছি। এরপরও যদি অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকবে না।”
এর আগে একই ঘটনায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্বাধীন বাংলা ছাত্র সংসদ’ নামে একটি সংগঠন। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা হাদির ওপর আক্রমণে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একদল শিক্ষার্থীও রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছেন।
