২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু ভোটে সেনা মোতায়েন নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

“৯ তারিখে নির্বাচন নিয়ে কোনো রকম আশংকা এই মুহূর্তে নেই এবং যে কোনো রকমের আশঙ্কা আমাদের কাছে একদমই অমূলক বলে মনে হচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনায় সেনাবাহিনীর মোতায়েনের বিষয়টি থাকলেও তা এখনও চূড়ান্ত না হওয়ার কথা বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়গুলোর সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ‘সুযোগ নেই’ বলে আইএসপিআর যে বক্তব্য দিয়েছে, সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।

এক প্রশ্নে অধ্যাপক জসীম বলেন, ডাকসু ভোটের প্রস্তুতির ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলাপ থেকে দুটি প্রধান বিষয় ছিল। একটি ছিল ভোটকেন্দ্র হল থেকে বের করে নিয়ে আসা। আরেকটি ছিল, এমন নিরাপত্তার ব্যবস্থা করা, যাতে আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থী এসে ভোট দিয়ে নিরাপদে তাদের গন্তব্যে চলে যেতে পারে। 

“এই সকল দাবির প্রেক্ষিতে আমরা তখন বলেছিলাম যে, আমাদের পরিকল্পনাটা এরকম, যদি প্রয়োজন হয় আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেব। ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। এটা হচ্ছে নিরাপত্তার স্বার্থে আমাদের বলা। অফিসিয়াল ইস্যুগুলো নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়কে লিখবে, আমাদের এই নিরাপত্তার ইস্যুতে আমাদের এই এই সাহায্য লাগবে, তখন সেটা হবে।”

এখন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার দরকার নেই মন্তব্য করে তিনি বলেন, “তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিভিন্ন বাহিনীর সাথে, আমাদের এখনো তো আলাপ করার সময় আসে নাই।

“পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব, সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্টস দেব, তখন বিশ্ববিদ্যালয় সেটার ব্যবস্থা করবে। নির্বাচন কমিশন তার পরিকল্পনা বলছে। সেটা অনুমতির কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমরা বলছি, এরকম চাই যখন সময় আসবে সামনে, আমরা তখন বলব, আমাদের এই লাগবে।”

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। 

প্রথম স্তরে থাকবে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম। দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। আর তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।

ডাকসু নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হওয়ার কথা বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা ভোটকেন্দ্র কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।”

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম ২১ অগাস্ট সাংবাদিকদের এ তথ্য জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্যও চার প্লাটুন সেনাবাহিনী চাওয়ার কথা বলেছিলেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নানামুখী সমালোচনা। বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন স্বয়ত্তশাসন নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও কেউ কেউ মন্তব্য করেন।

সেই প্রসঙ্গ ধরে বৃহস্পতিবার আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, "সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

“সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই।”

আইএসপিআরের এই বক্তব্যের প্রেক্ষাপটে লিখিত বক্তব্যে তুলে ধরে ডাকসু ভোটের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “আসন্ন ডাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫ কে সর্বাঙ্গীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করা নির্বাচন ব্যবস্থাপনা কমিটির অন্যতম উদ্দেশ্য। 

“আপনারা জানেন, বাংলাদেশে এই মুহূর্তে, অগস্ট ২০২৪ সালের পর থেকে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসারসহ সহায়ক অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। একইসঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ বেসামরিক বাহিনী ও প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি বলেন, “এমতাবস্থায় নির্বাচন কমিশন ডাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা করেছে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে।”

এক প্রশ্নে আরেক রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম বলেন, “একটা ব্যাপার স্পষ্ট যে নির্বাচন কমিশন তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভেতরে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য এই ভোটের সামগ্রী এবং যেন ভোটার ও প্রার্থী, তাদের সকলের নিরাপত্তা রক্ষার জন্য যাদের সহযোগিতা দরকার, তাদের কাছে সহযোগিতাটা চাইবেন।

“এবং সকল বাহিনী সকল প্রতিষ্ঠানের কাছে তারা সহযোগিতা চাইতে পারেন; সেটা ভোটের দিন হতে পারে, ভোটের আগের দিন, সব কয়দিন, ভোটকেন্দ্র, গণনা- সবসময়, যে কোনো সময় হতে পারে। এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে আনুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতি সেই পদ্ধতি তারা রক্ষা করছেন তারা করবে।”

আচরণবিধি লঙ্ঘন

ডাকসু ভোটে আচরণবিধি লঙ্ঘন নিয়ে গঠিত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আচরণ বিধি লঙ্ঘনের যেসব অভিযোগ আসছে, সেগুলো নিষ্পত্তি করছেন তারা। টিএসসিতে একজন প্রার্থী গানবাজনা করে ইশতেহার প্রকাশ করেছেন।

“আমরা তাকে কারণ দর্শনের নোটিস দিই, ২৭ তারিখের মধ্যে জবাব দিতে বলি। সে জবাব দিয়েছে, আমরা জবাবটা সন্তোষজনক মনে করি নাই বলে রাতে তাকে চিঠি দিয়ে সতর্ক করেছি।”

আচরণবিধি লঙ্ঘন করে টানানো সবগুলো পিভিসি বোর্ড ও ব্যানার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সরিয়ে ফেলার কথাও তিনি বলেন।

চারুকলায় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্যানেল পরিচিতির বোর্ডের ‘ছবি বিকৃত’ করার ঘটনায় কমিটি গঠনের কথা তুলে ধরে অধ্যাপক রব্বানী বলেন, “দুজন সহকারী প্রক্টরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আজ তারা প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

ভোটগ্রহণ ও ভোট গণনা

ডাকসু ভোটের জন্য নির্ধারিত আট কেন্দ্রে নির্ধারিত সময়ে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ভোটগ্রহণ শেষ করতে পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন প্যানেল।

এ বিষয়ে এক প্রশ্নে রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে যত ভোটার এবং ভোট দিতে গড়ে আট মিনিট সময় ধরে পর্যাপ্ত সংখ্যক বুথ স্থাপন করা হবে।

তিনি বলেন, “কীভাবে সুষ্ঠভাবে ভোট কেন্দ্রগুলো ব্যবস্থাপনা করা যায় সেটি আমরা বিস্তারিতভাবে চিন্তা করেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে, একজন ভোটার তার ভোটকেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপারটি বক্সে রাখার যে সময়, সেটা গড়ে আট মিনিট। 

“তাহলে আমরা যদি দেখি যে, প্রায় শতভাগ ভোটার যদি ওইদিন উপস্থিত হন এবং প্রত্যেকের যদি আট মিনিট করে সময় লাগে তাহলে তাদের জন্য যতগুলা বুথ দরকার সেই বুথের হিসাব আমরা করেছি এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বুথ ওই কেন্দ্রগুলোতে স্থাপন করা হবে।”

তিনি বলেন, “আমরা সকল শিক্ষার্থীকে, ভোটারদেরকে আমরা নিশ্চিত করতে চাই যে, বুথ আর ভোট কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না। সকল প্রার্থী, সকল ভোটার সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবেন ৯ তারিখে। 

“ফলে ৯ তারিখে নির্বাচন নিয়ে কোনো রকম আশংকা এই মুহূর্তে নেই এবং যে কোনো রকমের আশঙ্কা আমাদের কাছে একদমই অমূলক বলে মনে হচ্ছে।”

ওএমআর শিটে ভোটগ্রহণ এবং মেশিনে ভোট গণনার কথা তুলে ধরে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, স্ক্যানিং মেশিন দিয়ে ভোট গণনা করা হবে। ভোট গণনায় পর্যাপ্ত সংখ্যক মেশিন রাখা হবে। কেন্দ্রগুলোতে ভোট গণনা হবে এবং সিনেট ভবন থেকে পূর্ণাঙ্গভাবে ফল প্রকাশ করা হবে।