Published : 25 Apr 2026, 03:11 PM
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার শাহবাগ থানা প্রাঙ্গণে সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “যারা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
“এটি যদি করা না হয়, তাহলে আমি মনে করব, সাংবাদিকদের কাজের পরিবেশ বিগত ১৭ বছরে যেভাবে অধিকারবঞ্চিত হয়েছে, সাংবাদিক সমাজ যেভাবে নির্যাতিত-নিষ্পেষিত হয়েছে, আবার সে পথে যদি এই সরকার হাঁটতে চায়, তাহলে আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলাম, আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং এই সরকার আবার নতুন রূপে ফ্যাসিবাদে আবির্ভূত হবে।”
দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, “সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় মামলাটি এখন পর্যন্ত লিপিবদ্ধ হয়নি। আপনাদের কম্পাউন্ডেই এই বিশৃঙ্খলা এবং হামলা হয়েছে।
“সুতরাং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আমাদের দাবি এবং আহ্বান থাকবে অনতিবিলম্বে সেই মামলা গ্রহণ করুন। মামলা করে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
ডেইলি স্টারের সাংবাদিক ও ডুজার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বলেন, “আপনারা অপরাধীর পক্ষ নেবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে আমরা দেখেছি, দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ওপর নানা সময়ে হামলা হয়েছে। সেটির বিচার আমরা পেয়েছি।
“সে সময় আমরা যদি বিচার পেয়ে থাকি, তাহলে এখন ৫ আগস্টের পরে সংবাদমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকার কথা। এত দেরি হচ্ছে কেন?”
সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, “শিক্ষার্থীরা যখন আন্দোলনে আসতেন, তখন তাদের নানাভাবে সহযোগিতা করত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অথচ আজ তাদের ওপরই হামলা করল ছাত্রদল।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, ডুজার সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, দিনের আলোর সম্পাদক ফজলুর রহমান জুলফিকার।