Published : 03 Sep 2025, 09:55 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোটকে কেন্দ্র করে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে একেকবার একেক রকম সিদ্ধান্ত নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; কয়েকদিনের মধ্যে তৃতীয় দফায় সিদ্ধান্ত বদল হল এবার।
নতুন সিদ্ধান্তে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার তথ্য দিয়েছেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।
বুধবার জরুরি ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, এবারও প্রার্থীদের দাবির মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
“পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে ৮ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।”
ভোটের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর যুক্তিতে প্রতিরোধ পর্ষদসহ কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষাপটে ৩০ অগাস্ট এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত চার দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার কথা বলেছিল।
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন অনেকে। লম্বা ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছেড়ে বাড়ি চলে যেতে পারেন, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়।
এরপর ১ সেপ্টেম্বর আরেক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত পরিবর্তন করে ৭ তারিখের ছুটি বাদ দেওয়া হয়। ওইদিন ডাকসু ভোট উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর (তিন দিন) ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়।
বুধবার জরুরি সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা বারবার সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নে বলেন, “রীতি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের জন্য একদিন বন্ধ থাকবে। শিক্ষার্থীদের অনুরোধ বিবেচনা করেছিলাম এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম, কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করে দিয়েছিল।

“যেহেতু আপনারা জানেন, এবারকার নির্বাচনটা একটা বিশেষ ব্যবস্থায় হচ্ছে, এটা হলে হচ্ছে না, আমাদের অ্যাকাডেমিক এরিয়াতে হচ্ছে, এখন নির্বাচনের এই মুহূর্তে এসে প্রার্থীদের অনেকেরই অনুরোধের প্রেক্ষিতে আমরা আবার শুধুমাত্র ৯ তারিখ বন্ধ রেখে, আগের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রশাসনকে অনুরোধ করেছিলাম। প্রশাসন সেই অনুরোধটা রেখেছে। সে অনুযায়ী একটা সংশোধিত বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে।”
একদিন ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে অধ্যাপক জসীম বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের কার্যক্রম অধিকতর কার্যকর ও সফল করে তুলতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে ২০ অগাস্ট এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, ডাকসু ভোট উপলক্ষে ৮ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রফেশনাল কোর্সসমূহের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
আরও পড়ুন: