Published : 30 Mar 2026, 10:15 PM
তিন দশক পর আবার ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান শুরু করতে চায় কলেজ কর্তৃপক্ষ।
এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ শুরুর তথ্য দিয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা পারভীন।
বর্তমানে ২৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২৪ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার চাপ সামাল দেওয়ার মধ্যে আবার কেন একাদশ ও দ্বাদশ শ্রেণি চালুর কার্যক্রম ফেরানো হচ্ছে- এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, “আগে আমাদের ছিল এবং রেজাল্ট অনেক ভালো ছিল। উচ্চমাধ্যমিক পর্যায় চালু হলে রাজধানীর অনেক মেয়ে এখানে শিক্ষার সুযোগ পাবে।
“আর পর্যাপ্ত অবকাঠামো ও শিক্ষক রয়েছে। তাই উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের স্থান সংকুলান দূরহ হবে না। কারণ নতুন একটি ভবন হয়েছে সেখানে ক্লাস নেওয়া যাবে।”
১৯৯৬ সালে ইডেন মহিলা কলেজের ছাত্রীরা সর্বশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল বলে তথ্য দেন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের সাবেক ছাত্রী ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা।
রাজধানীর সাত কলেজের মধ্যে শুধু ইডেন মহিলা এবং সরকারি তিতুমীর কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান হয় না।
সোমবার সন্ধ্যায় ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বলেন, তাদের ওখানে উচ্চমাধ্যমিক পর্যায় কখনও বন্ধ হয়নি, স্থগিত করা হয়েছিল। এটি আবার চালু করতে কলেজের তরফে গত ৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল।
“রোববার মন্ত্রণালয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান কখন ও কেন বন্ধ হয়েছিল এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালু করা হলে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না তা জানতে চাওয়া হয়েছে।"
উচ্চমাধ্যমিক পর্যায়ে আবার পাঠদান চালু করতে অতিরিক্ত কোনো খরচ হবে না বলে দাবি করেছেন অধ্যক্ষ।
১৫০ বছর বয়সী ইডেন মহিলা কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে কলেজের ২৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২৪ হাজারের অধিক ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষক সংখ্যা ২৫২ জন, প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন ৬টি এবং ৬টি ছাত্রীনিবাস রয়েছে।