১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চবিতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

দিনব্যাপী এই আয়োজনে ছিল শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চবিতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 05:46 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী নানান আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

দুপুর সাড়ে ১২টায় সমাজবিজ্ঞান অনুষদের মিলয়াতনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেমিনার। সেমিনারের ‘ইতিহাসের আয়নায় জুলাই গণ-অভ্যুত্থান: ভাবাদর্শের রূপান্তর ও বাস্তবতার অভিঘাত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান।

সেমিনারে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জুলাই-অগাস্ট আন্দোলনসহ সব অন্যায়ের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে, কেউ পালাতে পারবে না। তবে নিরীহ মানুষের প্রতি কোনো অন্যায় করা যাবে না। বিচার ব্যবস্থাকে প্রতিহিংসার নয়, ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হতে হবে।” 

চবির ৯ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এসেছে মন্তব্য করে তাদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন প্রতিমন্ত্রী। 

চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে, শহীদ ফরহাদ ও শহীদ তরুয়ার পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক পদে চাকরির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

আলোচনা সভা ও সেমিনার শেষে বিকেল ৩টা থেকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।